সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ক্রিকেটের নতুন ফরম্যাট টি-টেন লিগে নিজের প্রথম ম্যাচেই জাত চেনালেন তামিম ইকবাল। বাংলাদেশি ওপেনারের দুর্দান্ত অর্ধশতকে জয় পেয়েছে পাখতুনস। তবে তামিমের দিনে হেরে গেছেন টাইগারদের আরেক তারকা সাকিব আল হাসান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টিম শ্রীলঙ্কার বিপক্ষে পাখতুনসের হয়ে তামিম করেছেন ২৭ বলে অপরাজিত ৫৬ রান। ৫ চার ও ৪ ছয়ে এমন ঝকঝকে ইনিংসটি সাজিয়েছেন টাইগার বাঁহাতি ব্যাটসম্যান। তার স্ট্রাইকরেট ২০৭.৪০।
তামিমের দিনে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ১১১ রান সংগ্রহ করে পাখতুনস। জবাবে ৭ উইকেটে ৮৪ রানেই থেমে যায় টিম শ্রীলঙ্কা। এ নিয়ে টানা দুই জয় ঘরে তুলল তামিম ইকবালের দল পাখতুনস। ম্যাচসেরাও হয়েছেন তামিম।
ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন পাখতুনসের দুই ওপেনার আহমেদ শেহজাদ ও তামিম ইকবাল। ১২ বলে ২৪ রান করে শেহজাদ ফিরলেও রয়ে যান তামিম। রীতিমত বোলারদের কচুকাটা করে খেলেন দুর্দান্ত ইনিংসটি। শেষমেশ নিজের উইকেট জিইয়ে রেখে মাঠ ছেড়েছেন টাইগার ওপেনার।
টিম শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট শিকার করেছেন ফার্নান্দো ও সিহান জয়সুরিয়া। ১ উইকেট ঝুলিতে পুরেছেন মাদুসানাকা।
জবাবে হাসারাঙ্গার ব্যাটে ম্যাচে ফেরার চেষ্টা করলেও কিনারা খুঁজে পায়নি টিম শ্রীলঙ্কা। ১২ বলে ৩১ রান করে রান আউট হন হাসারাঙ্গা। বাকি ব্যাটসম্যানরা কেউই নিজেদের মেলে ধরতে পারেননি।
পাখতুনসের পক্ষে ২টি উইকেট দখল করেছেন ডসন। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ ইরফান, মোহাম্মদ নবি, ইমরান খান (১) ও সোহেল খান।
তবে তামিমের জয়ে দিনে হেরে গেছে সাকিব আল হাসানের কেরালা কিংস। পাঞ্জাবি লিজেন্ডসের কাছে ৮ উইকেটে হেরেছে তারা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি কেরালার। দলীয় ৪ রানে সাজঘরে ফেরেন ওয়ালটন। দ্বিতীয় উইকেটে মরগানকে সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়েন পল স্টার্লিং। আউট হওয়ার আগে মরগান করেন ২১ রান।
এরপর দ্রুত বিদায় নেন পোলার্ড ও সাকিব। প্রথমবার ব্যাট করতে নেমে ৬ বল মোকাবেলা করে ৭ রান করে আউট হন সাকিব। শেষদিকে পোরান ৭ বলে ২০ রান করলে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে কেরালা। ৪৬ রানে অপরাজিত থাকেন পল স্টার্লিং।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে এক ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাবি। ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন শোয়েব মালিক। এক ওভার বল করে ১৪ রান দেন সাকিব।









