দলে মুসলমান কম কেন, উত্তর দিলেন হরভজন

‘ভারতীয় জাতীয় দলে মুসলমান ক্রিকেটার কম কেন?’ বরখাস্ত হওয়া আইপিএস অফিসারের এমন প্রশ্নের উত্তর দিয়েছেন হরভজন সিং। জবাবে তিনি ভারতীয় জাতীয়তা বোধের পতাকা উড়িয়েছেন।
ভারতীয় দলে মুসলমান ক্রিকেটার এই মুহূর্তে নেই। মোহাম্মদ সামি ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরে বাইরে আছেন। তার আগে নিয়মিত খেলতেন জহির খান, ইরফান পাঠান, ইউসুফ পাঠান। তারও আগে মোহাম্মদ আজহার উদ্দিন তো অধিনায়কও ছিলেন।
সোমবার সাবেক আইপিএস অফিসার সঞ্জীব ভট্ট টুইটে লেখেন, ‘ভারতের জাতীয় দলে মুসলিম ক্রিকেটারদের প্রতিনিধিত্ব করার হার কম কেন?’
প্রশাসনের এক সময়ের শীর্ষ কর্মকর্তার এমন প্রশ্ন ভারতে আলোচনার ঝড় তোলে। চোখে পড়ে হরভজনেরও।
তিনি পাল্টা টুইটে বলেন, যারা ক্রিকেট খেলেন তারা কোনও ধর্মের নন বরং ভারতীয়।
‘যারা দলের হয়ে ক্রিকেট খেলেন, তারা ভারতীয়…তাদের গোত্র, বর্ণ নিয়ে আলোচনা করা উচিত নয়।’
হরভজনের এই টুইটও আলোচনায় এসেছে। এই প্রতিবেদন লেখার সময় দুই হাজারের বেশি রিটুইট হয়েছে।






