জিম্বাবুয়ের ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির আল্টিমেটাম অগ্রাহ্য করে ব্যাপক চাপের মাঝেও জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ডিসেম্বর পর্যন্ত ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে সোমবার স্থানীয় সময় দুপুরের মধ্যে ক্ষমতা না ছাড়লে মুগাবেকে অভিশংসনের হুমকি দিয়েছে তার দল।
বুধবার সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিটি দিন যাচ্ছে জিম্বাবুয়ের। করণীয় নির্ধারণে রোববার বৈঠকে বসেন ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি।
বৈঠকে রবার্ট মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে বহিষ্কার করা হয়। তার স্থলাভিষিক্ত হন মুগাবের হাতে বহিষ্কৃত নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন নাঙ্গাগওয়া।
মুগাবের স্ত্রী গ্রেস মুগাবেকেও পার্টি থেকে বহিষ্কার করা হয়। তারপর প্রেসিডেন্টের পদ ছাড়তে মুগাবেকে সোমবার দুপুর পর্যন্ত সময়সীমা বেধে দেয় তার দল। না হলে তাকে অভিশংসনের মুখোমুখি হতে হবে বলেও জানিয়ে দেয়া হয়।
এর পরপরই টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে মুগাবে পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন: ডিসেম্বরে ক্ষমতাসীন পার্টির কংগ্রেসের আগ পর্যন্ত ক্ষমতা ছাড়বেন না তিনি। বরং পদত্যাগের ঘোষণা দেয়ার বদলে উল্টো আসন্ন কংগ্রেসে নিজের জানু-পিএফ পার্টিকে নেতৃত্ব দেয়ার
আকাঙ্ক্ষার কথা জানান এই গৃহবন্দী প্রেসিডেন্ট।
সরাসরি সম্প্রচারিত ওই ভাষণে মুগাবে বলেন: এখন থেকে কয়েক সপ্তাহের মধ্যে যে কংগ্রেস আছে আমি সেখানে সভাপতিত্ব করব। এটা অবশ্যই কারও দ্বারা পক্ষপাতদুষ্ট হওয়া উচিত নয়। জনগণের চোখে এর ফলাফলকে আপোষের মতো করে দেখানো ঠিক হবে না।
কিন্তু নিজ দল থেকে বহিষ্কৃত হওয়ার পরও পদত্যাগ না করার ঘোষণায় মুগাবের প্রাক্তন মিত্ররা এর নিন্দা জানান। তাদের আশঙ্কা, এ ঘোষণার প্রতিবাদে বিরোধীরা আবারও রাজপথে নেমে আসবে।







