তারকাবহুল সিনেমা ‘মুখোশ’ নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে। নির্মাতা ইফতেখার শুভ জানিয়েছেন, এ কারণে চতুর্থ সপ্তাহ থেকে ছবিটির শো সংখ্যা বাড়িয়ে দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।
পরিচালক জানান, ৪র্থ সপ্তাহে এসে মুখোশের শো বাড়ছে ৪টি। এখন মোট শো হচ্ছে ৬টি। স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শুক্রবার থেকে ‘মুখোশ’ ছবিটি চলবে বলে জানান তরুণ এই চিত্রপরিচালক।
তিনি বলেন, মাঝখানে শোগুলোতে দর্শক তুলনামূলক কম ছিল। এবার দর্শক আগ্রহের কারণে সিনেপ্লেক্সের পাশাপাশি শ্যামলী হলে শুক্রবার থেকে পুনরায় চলবে ‘মুখোশ’। পাশাপাশি ব্লাকবাস্টার ও চট্রগ্রাম সিলভার স্ক্রিনে যথারীতি ‘মুখোশ’ চলবে।
৪ মার্চ সারা দেশের ৩৮ সিনেমা হলে মুক্তি পায় ‘মুখোশ’। সিনেমায় অভিনয় করেন মোশাররফ করিম, পরীমনি, রোশান, ইরেশ যাকের, এলিনা শাম্মী, প্রাণ রায়, তারেক স্বপনসহ অনেকে।
পরিচালকের ‘পেইজ নম্বর ৪৪’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘মুখোশ’। ছবিটি সরকারী অনুদানে নির্মিত। মুক্তির পর থেকে ছবিটি সমালোচকদের বেশ প্রশংসা অর্জন করেন।








