প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষ মানবসম্পদ গড়তে কাজ করে যাচ্ছে সরকার। দেশের সকল মানুষকে দক্ষ করে তুলতে দেশব্যাপী ম্যাস ট্রেনিং প্রোগ্রাম হাতে নেয়া হবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন আইডিইবি’র ২৩তম জাতীয় সম্মেলন এবং টেকসই উন্নয়ন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা অর্জনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি আরো বলেন, মুজিববর্ষে দেশের প্রতিটি গৃহহীন মানুষ ঘর পাবে, সে ব্যবস্থা নেব। গ্রামে বসবাসকারীদের শহরের সুবিধা নিশ্চিত করে দিতে চাই। ঢাকার পাশাপাশি অন্যান্য শহরের বিমানবন্দরগুলো ঠিক করে দিচ্ছি। সেসব আন্তর্জাতিক মানের করে দিচ্ছি যেন চলাচলে কোনো অসুবিধা না হয়। নৌ বন্দরগুলো ঠিক করে দিচ্ছি।
কৃষিজমি, জলাধারসহ পরিবেশ প্রতিবেশ রক্ষা করে প্রকৌশলীদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ একটি বদ্বীপ অঞ্চল। সে যেন প্রকৃতির প্রতিঘাত থেকে রক্ষা পায় সেটা নিশ্চিত করতে হবে। মুজিববর্ষের কর্মসূচির বড় পদক্ষেপ হবে প্রতিবেশ ও পরিবেশ রক্ষার উদ্যোগ, বৃক্ষরোপণের চেষ্টা করা, ১০০টি অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে যেন মূল ভূখণ্ডের ফসলি জমি নষ্ট না হয়।
প্রকৌশলীদের দাবি দাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আপনাদের দাবি দাওয়ার বিষয়টা আমি জানি। আমি গতবারের আমার বক্তৃতার একটা কপি পেলাম। খারাপ লাগলো যে আমার কথার বাস্তবায়ন হয়নি। অর্থমন্ত্রণালয়ে গেলে সবইতো একটু আটকা পড়ে যায়। তবে আপনাদেরও উচিত ছিলো বিষয়টা বাজেট প্রণয়নের আগেই সামনে আনা। এখন আমি দেখবো বিষয়টা কিভাবে সমাধান করা যায়। রাষ্ট্র পরিচালনা করতে গেলে ডিসিপ্লিনের বিষয় আছে।
এসময় নৌকা মার্কায় ভোট দিয়ে ঢাকায় আওয়ামী লীগের দুই মেয়র নির্বাচন নগরবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।








