সফরের একমাত্র ওয়ার্ম-আপ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ২ রানে শ্রীলংকান ক্রিকেট বোর্ড সভাপতি একাদশের কাছে হেরেছে। কলম্বোর এই হাইস্কোরিং ম্যাচে বোর্ড সভাপতি একাদশ ৭ উইকেটে ৩৫৪ রান করে। জবাবে সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক ও অধিনায়ক মাশরাফির হাফ সেঞ্চুরির পরও বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রান করে।
ওয়ার্ম-আপ ওডিআইয়ের ভেন্যু কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, স্থানীয়দের কাছে জিমখানা গ্রাউন্ড নামেই পরিচিত। ঘরোয়া ক্রিকেটের প্রথম শ্রেণির ম্যাচ হয় এখানে। প্রস্তুতি ম্যাচ বলেই সাকিব, তামিম, মোস্তাফিজকে ছাড়াই সাজে বাংলাদেশ দল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি। ইনিংসে মাশরাফি ৯ ওভার বল করে নিয়েছেন এক উইকেট, ৬৬ রানে।
৩৬ রানে তাসকিন প্রথম ব্রেক থ্রু এনে দিলেও বোর্ড সভাপতি একাদশের ইনিংস দাঁড়িয়ে যায় সানদান ও কুশাল জেনিথের বড় পার্টনারশিপে। সানদানের ৬৭, কুশালের ৬৪ আর ধনঞ্জয় সিলভার ফিফটিতে স্বাগতিকরা ৩৫৪ রানের পাহাড় গড়ে।
তাসকিন, রাজু, সানজামুল, সাইফুদ্দিন সবাই একটি করে উইকেট পেয়েছেন।
ইনিংসে প্রথম ডেলিভারিতে ইমরুল কায়েস আউট হলেও, টাইগার ইনিংসকে জোর ধাক্কা দিতে পারেননি লঙ্কানরা। সৌম্য ও সাব্বিরের ১১৬ রানের পার্টনারশিপে লড়াইয়ে ফেরে লাল-সবুজরা। সৌম্য ৪৭ আর সাব্বির ৭২ রান করেন। টেস্ট অধিনায়ক মুশফিক আউট হন ২০ রানে। মোসাদ্দেকের ব্যাটেও ছিল হাফ-সেঞ্চুরির ঝিলিক। ৫০ বলে দুই ছক্কায় করেন ৫৩।
খেলার শেষ অংশ ‘হাই-থ্রিলারে’ পরিণত হয়। অধিনায়ক মাশরাফির সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের ১০১ রানের জুটিও সেই থ্রিলার জিততে ব্যর্থ হয়। দ্বিতীয় টেস্টে উপেক্ষিত মাহমুদউল্লাহ ব্যাটে দারুণ জবাব দিয়েছেন অপরাজিত ৭১ রানের ইনিংস খেলে। শেষ ওভারে ১৩ আর শেষ বলে চার রানের টার্গেট অল্পের জন্য ছোঁয়া হয়নি। তারপরও মাহমুদউল্লাহর পারফরম্যান্সের প্রশংসা আর ওয়ানডে সিরিজের জন্য আত্মবিশ্বাস শিবির জুড়ে।
বৃহস্পতিবার কলম্বো থেকে ডাম্বুলা যাচ্ছে বাংলাদেশ দল। শনিবার সেখানে বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকার প্রথম ওয়ানডে।
বিস্তারিত দেখুন ভিডিওতে:







