থারাঙ্গা ফিরলেন, বাঁচলেন মেন্ডিস

উইকেটে ঘাস নেই। কিছুটা লালচে আস্তরণ চোখে পড়ছে। মোস্তাফিজ বেশ কয়েকবার ভেতরে-বাইরে টার্ন করিয়েছেন। আরেক দিক থেকে শুভাশিস রায় সাফল্য এনে দিয়েছেন। চোখজুড়ানো এক ডেলিভারিতে উপুল থারাঙ্গাকে (৪) বোল্ড করেছেন।
ঠিক পরের বলে আরেকটি উইকেট পেতে পারতেন। কুসল মেন্ডিস উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু রিপ্লেতে দেখা যায় বলটি ‘নো’ ছিল।
সকালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।
মোস্তাফিজ আর তাসকিনকে দিয়ে শুরু করেন অধিনায়ক মুশফিক। উইকেটে ভালো পেস আছে। তাসকিন দুই ওভার করেন। আরেক দিকে মোস্তাফিজ নিয়মিত থাকলেও শুভাশিসকে যোগ করেন মুশি। আর তাতেই সাফল্য। নিজের প্রথম ওভারে দলকে উইকেট এনে দিয়েছেন তিনি।
বাংলাদেশ এই শ্রীলঙ্কার বিপক্ষেই সবচেয়ে বেশি টেস্ট খেলেছে। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৬ বার। যার মধ্যে ১৪টিতে জিতেছে লঙ্কানরা। দুটি ড্র।
সবশেষ লঙ্কাপাড়ে মুশফিকরা খেলতে যায় ২০১৩ সালে। সেবার প্রথম টেস্টে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৬৩৮ রান করে। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিক ডাবল সেঞ্চুরি করেছিলেন। ওই টেস্ট ‘ড্র’ হয়েছিল।



