‘এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২২’ আর্চারির স্টেজ এক’র দ্বিতীয় দিনে রিকার্ভে মেয়েদের এককে দ্যুতি ছড়িয়েছেন বাংলাদেশের নাসরিন আক্তার। ১৮ জন প্রতিযোগীর মধ্যে আছেন দুইয়ে। ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুঁড়ে ৭২০ পয়েন্টের মধ্যে ৬৪২ স্কোর তুলে তিনি।
থাইল্যান্ডে চলা আসরে বুধবার একই ইভেন্টে ৬১৬ ও ৬০৮ পয়েন্ট তুলে যথাক্রমে অষ্টম ও নবম স্থানে আছেন বাংলাদেশের অন্য দুই তারকা দিয়া সিদ্দিকী ও ফামিদা সুলতানা।
রিকার্ভে মেয়েদের দলগত ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে অংশ নিয়ে বাজিমাত করেছেন নাসরিন, দিয়া ও ফামিদা। ১৮৬৬ পয়েন্ট তুলে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে উঠে গেছেন বাংলাদেশ-ত্রয়ী। সেমিতে মুখোমুখি হবেন কাজাখস্তানের।
রিকার্ভের মিশ্র দলগত ইভেন্টে লাল-সবুজের তারকা রোমান সানা ও নাসরিন আক্তার তৃতীয় হয়ে কোয়ার্টার নিশ্চিত করেছেন। সেমিতে যেতে স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হতে হবে তাদের।
একইদিনে, কম্পাউন্ড ইভেন্টে ছেলেদের এককে ৩২ জন আর্চারির মধ্যে ৭ম স্থানে জায়গা করে নিয়েছেন নেয়াজ আহমেদ রাকিব। ১৬তম স্থানে আছেন মিঠু রহমান।
কম্পাউন্ড ইভেন্টে ছেলেদের দলগতর কোয়ালিফায়ারে রাকিব, মিঠু ও হিমু পঞ্চম স্থান নিশ্চিত করেছেন। পরের রাউন্ডে কোয়ার্টারে তাদের মুখোমুখি হবে থাইল্যান্ড।
কম্পাউন্ড মিশ্র দলগততে বাংলাদেশের নেওয়াজ ও শ্যামলী রায় কোয়ার্টার নিশ্চিত করেছেন।







