স্পোর্টস

ত্রিদেশীয় সিরিজ দিয়েই বিশ্বকাপে বাংলাদেশ?

ত্রিদেশীয় সিরিজ দিয়েই বিশ্বকাপে বাংলাদেশ?

নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের ত্রিদেশীয় সিরিজ শুরু ১২মে। তবে এই সিরিজ এখন শুধু নিছকই একটি টুর্নামেন্ট হয়ে থাকছে না। সবকিছু ঠিক থাকলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট আইরিশদের মাটিতে হওয়া এ সিরিজ থেকেই পেতে পারে টাইগাররা।

সরাসরি বিশ্বকাপে যেতে আয়ারল্যান্ডকে দুই ম্যাচে হারানোর পাশাপাশি নিউজিল্যান্ডকে কমপক্ষে এক ম্যাচে হারাতে হবে মাশরাফি-বাহিনীকে। বর্তমান র‍্যাঙ্কিংয়ে চারে আছে নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপদের হারালে পাওয়া যাবে অমূল্য কিছু রেটিং পয়েন্ট।

২০১৯ সালের বিশ্বকাপে বাছাইপর্ব খেলা ছাড়া অংশ নিতে হলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ‌র‌্যাঙ্কিংয়ের সেরা আট দলের ভেতর থাকতে হবে। ১মে আইসিসি থেকে ঘোষিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ সপ্তম অবস্থান ধরে রেখেছে ১ রেটিং পয়েন্ট হারিয়ে। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯১। সমীকরণ অনুযায়ী জিতলেই ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কাকে টপকে যাবে লাল-সবুজরা। লঙ্কানদের পয়েন্ট এখন ৯৩। সেক্ষেত্রে নির্ধারিত সময় পর্যন্ত টেবিলের আটের নিচে নামবে না বাংলাদেশ।

ওদিকে র‌্যাংঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ১২ পয়েন্টের ব্যবধান। ৪ পয়েন্ট হারিয়ে তাদের সংগ্রহ এখন ৭৯। নির্ধারিত সময়ে বাংলাদেশকে টপকে যেতে হলে ক্যারিবীয়দের শুধু ভালো খেললেই হবে না, বাংলাদেশের খেলাও খারাপ হতে হবে।

তবে ত্রিদেশীয় সিরিজ শুধু দেবে না, কেড়েও নিতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে যেমন পয়েন্ট প্রাপ্তি থাকবে তেমনি আয়ারল্যান্ডে কাছে হারলে দিতে হবে খেসারত। সেক্ষেত্রে বর্তমান র‍্যাঙ্কিং থেকে নেমে গিয়ে বাছাইপর্ব খেলতে হতে পারে টাইগারদের।

সেক্ষেত্রে অতি সাবধানী হয়েই মাঠে নামতে হবে বাংলাদেশকে। আর এই সমীকরণ ভালোমতোই মাথায় আছে টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজার। সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্প করতে যাওয়ার আগে এই সমীকরণ নিয়ে সতর্ক থাকার কথা বলে গিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

বিষয়:২০১৯ বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…