তেহরান আন্তর্জাতিক ক্রীড়া বিষয়ক চলচ্চিত্র উৎসবে তিনটি সম্মাননা পুরস্কার দখল করে নিয়েছে সালমান খান ও আনুশকা শর্মা অভিনীত ‘সুলতান’।
কুস্তি নিয়ে তৈরি রোমান্টিক চলচ্চিত্র ‘সুলতান’-এরজন্য ‘লং ন্যারেটিভ’ বিভাগে সেরা অভিনেতার সম্মানসূচক ডিপ্লোমা পুরস্কার পেয়েছেন সালমান।
একই বিভাগে সেরা অভিনেত্রীর সম্মানসূচক ডিপ্লোমা পেয়েছেন আনুশকা শর্মা। একইসঙ্গে ‘সুলতান’ পরিচালক আলী আব্বাস জাফর পেয়েছেন সেরা পরিচালকের সম্মাননা।
তেহরান আন্তর্জাতিক ক্রীড়া বিষয়ক চলচ্চিত্র উৎসবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আলী আব্বাস জাফর। জীবন বদলানোর জন্য একটি খেলা কী করে সাহায্য করতে পারে একজন মানুষকে, তা নিয়ে তৈরি ‘সুলতান’কে পুরস্কৃত করায় দারুণ খুশি আব্বাস।
এদিকে, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের আরেক ব্লকবাস্টার চলচ্চিত্র ‘বাজরাঙ্গি ভাইজান’ মুক্তি পেতে যাচ্ছে চীনের ৮০০০ পর্দায়। ২ মার্চ প্রথমবারের মতো চীনে সালমানের কোন চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। এর আগে আমির খানের ‘দঙ্গল’ ব্যাপক জনপ্রিয়তা পায় চীনে।







