তুরস্কে তিনটি শহরে গাড়িবোমাসহ হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশসহ প্রায় ৩০০ মানুষ। হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে-কে দায়ী করেছে তুরস্ক কর্তৃপক্ষ।
তুরস্কের পূর্বাঞ্চলের শহর ভানের পুলিশ স্টেশনকে লক্ষ্য করে চালানো হামলায় তিনজন নিহত হয়। এ সময় ৭৩ জন আহত হয়েছে।
ভানের হামলার ঘণ্টাখানেকের মধ্যে এলাজিগ শহরের পুলিশ হেড কোয়ার্টারের সামনে বোমা হামলায় ৩ পুলিশ নিহত ও ১৪৬ জন আহত হয়। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে ৮৫ জন পুলিশ কর্মকর্তা এবং ৬০ জন সাধারণ নাগরিক।
সর্বশেষ হামলার ঘটনা ঘটে পূর্বাঞ্চলের বিতলিস প্রদেশে। সেখানে একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক গ্রামবাসী নিহত হয়। ফেরার পথে গায়দা গ্রামের রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৫ সেনা নিহত হয় এবং আহত হয় ৪ সেনা।
তুর্কি কর্মকর্তারা হামলার জন্য কুর্দি জঙ্গি পিকেকে-কে দায়ী করছে। গত বছর সরকারের সঙ্গে অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার পর থেকে তুরস্কের দক্ষিণ-পূর্ব এলাকায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে পিকেকে।








