তুরস্কের নাইট ক্লাবে নিউ ইয়ার উদযাপনে সন্ত্রাসী হামলায় বহু হতাহত

তুরস্কের ইস্তাম্বুলে একটি নাইট ক্লাবে ইংরেজি নববর্ষ উদ্যাপনের সময় সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৩৫জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ৪০জন।
হামলার ঘটনাটি নিশ্চিত করে ইস্তাম্বুলের গভর্নর ভাসিপ সাহিন জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।
বিবিসি জানায়, ইস্তাম্বুলের ওর্টাকোয় এলাকায় রেইনা নামের নাইট ক্লাবটিতে এক সশস্ত্র হামলাকারী স্যান্টা ক্লজের পোশাক পরে উৎসবরত লোকজনের ওপর গুলিবর্ষণ করে। হামলার সময় সেখানে প্রায় ৭শ’ লোক উপস্থিত ছিল।
তবে হামলার পর হামলাকারীর কী হয়েছে সে ব্যাপারে কোনো পক্ষ থেকে কিছু জানানো হয়নি। প্রত্যক্ষদর্শী কেউ কেউ আবার বলছেন, ঘটনাস্থলে একজন নয়, দু’জন বন্দুকধারী ছিল।
নতুন বছর উপলক্ষে তুরস্কে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটতে পারে, সেজন্য ইস্তাম্বুলে প্রায় ১৭ হাজার পুলিশ অফিসার মোতায়েন করা হয়েছিল। এরপরও এমন ঘটনা দুঃখজনক বলে মনে করছেন বিশ্লেষকরা।







