লা লিগায় শুরুটা মনের মত হল না বার্সেলোনার নতুন রিক্রুট উসমানে ডেম্বেলের। লিগের অভিষেক ম্যাচেই যে ইনজুরিতে পড়েছেন ফরাসি তারকা। যে ইনজুরি তাকে তিন সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে রাখতে পারে।
শনিবার গেটাফের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে এখন ৭ পয়েন্টে এগিয়ে তারা। তবুও কাতালান শিবিরে ডেম্বেলেকে ঘিরে অস্বস্তি। জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ খেলার পর এই ইনজুরি চিন্তায় ফেলছে ডেম্বেলেকে।
ম্যাচের ২৫তম মিনিটে ধাক্কা খায় বার্সা। ডেম্বেলে কাতালানদের জার্সিতে লা লিগার অভিষেক ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তখন।
হ্যামস্ট্রিং ইনজুরির বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, ডেম্বেলের ব্যাপারে পুরোপুরি জানা যাবে রোববার পরীক্ষা-নিরীক্ষার পর।
তবে বিভিন্ন সূত্রে মার্কা জানাচ্ছে, সব লক্ষণ দেখে মনে হচ্ছে ইনজুরির কারণে ফরাসি উইঙ্গারকে তিন সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে।







