পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে বল করার সময় চোট পেয়েছিলেন শরিফুল ইসলাম। পাকিস্তান ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে তিন বল করেই পায়ে টান লাগে টাইগার পেসারের। তখনই মাঠ ছেড়ে যান, পরে আর ব্যাটিংয়েও নামেননি। এবার জানা গেল দুই থেকে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনি।
শনিবার সন্ধ্যায় বিজ্ঞপ্তিতে শরিফুলের চোটের হালনাগাদ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে খেলা হচ্ছে না টাইগার পেসারের।
জাতীয় ফিজিও দেলোয়ার হোসেন শিভা বলেছেন, ‘শুক্রবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে বোলিং করার সময় শরিফুল চোট পান। এমআরআই স্ক্যানসহ পরবর্তী মেডিকেল টেস্টে দেখা গেছে তার ডান পাশের রেক্টাস ফেমোরিস পেশীতে গ্রেড-১ স্ট্রেইন দেখা গেছে। ফলে পুনরুদ্ধার এবং পুনর্বাসনের জন্য আগামী দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।’
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। রোববার রাতে বাংলাদেশ সময় রাত নটায় হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামবে টিম টাইগার্স।








