টি-টুয়েন্টির দায়িত্ব আগেই পেয়েছেন। এবি ডি ভিলিয়ার্স সরে দাঁড়ানোর পর সাউথ আফ্রিকা টেস্ট ক্রিকেট দলের নেতৃত্বও দেয়া হয় তাকে। টেস্টের পর ওয়ানডে থেকে ডি’ভিলিয়ার্স সরে যাওয়ায় তিন ফরমেটেই প্রোটিয়াদের নতুন নেতা এখন ফ্যাফ ডু প্লেসিস। সোমবার একদিনের অধিনায়কত্বের দায়িত্ব তার কাঁধে দেয় ক্রিকেট সাউথ আফ্রিকা।
গত বছরের ডিসেম্বরে ডি’ভিলিয়ার্স সরে গেলে প্রথম টি-টুয়েন্টি অধিনায়ক করা হয় প্লেসিসকে। সময়ের ব্যবধানে বাকি দুটি ফরমেটেও দায়িত্ব পেলেন এই ৩৩ বছরের ব্যাটসম্যান।
প্রোটিয়া জার্সি গায়ে এখনও পর্যন্ত ৪৩টি টেস্ট, ১১৩টি ওয়ানডে এবং ৩৬টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন প্লেসিস।
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আইসিসির উদ্যোগের অংশ হিসেবে একটি টি-টুয়েন্টি সিরিজ খেলতে এখন পাকিস্তানেই আছেন প্লেসিস। সেখানে বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন তিনি।
এক বিবৃতিতে ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছেন, ‘তিনি বিশ্ব ক্রিকেটে নিজেকে সেরা নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাও টি-টুয়েন্টি সিরিজে বিশ্ব একাদশের অধিনায়ক হিসেবে তার নিয়োগে সেটা আরও বেশি করে প্রতিফলিত হয়েছে।’
আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠেই ওয়ানডে অধিনায়কত্বের অভিষেক হতে যাচ্ছে ডু প্লেসিসের।







