ইংল্যান্ড বিশ্বকাপে ভরাড়ুবির পর থেকেই ভবিষ্যৎ নিয়ে ভাবছিলেন ফ্যাফ ডু প্লেসিস। তাকে বিশ্রাম দিয়ে গতমাসে ওয়ানডের নেতৃত্ব সাময়িকভাবে কুইন্টন ডি ককের হাতে তুলে দিয়েছিল সাউথ আফ্রিকা। এবার টেস্ট ও টি-টুয়েন্টির অধিনায়কত্ব থেকে নিজেই সরে দাঁড়ানোর কথা জানালেন প্রোটিয়া তারকা।
৩৫ বছর বয়সী ডু প্লেসিস দায়িত্ব ছেড়ে তরুণদের জায়গা করে দেয়ার কথা বলেছেন। ভবিষ্যতের দল-নেতৃত্ব গড়ে তুলতে ডি কককে সুযোগ দেয়ার কথাও বলেছেন।
অন্যদিকে ক্রিকেট সাউথ আফ্রিকার ডিরেক্টর গ্রায়েম স্মিথের বোর্ড-ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে, তারা ডি ককের হাতে পাকাপাকিভাবে নেতৃত্ব তুলে দেয়ার পরিকল্পনা করছে।
‘সিদ্ধান্ত নেয়াটা কঠিন ছিল। কিন্তু তরুণদের সুযোগ করে দেয়ার এটাই সেরা সময়। আমি ডি কক, বাউচার (কোচ) ও সতীর্থদের সঙ্গে মিলে প্রোটিয়াদের পুনর্গঠনের সহযোগী হতে দৃঢ়প্রতিজ্ঞ।’ সোমবার নেতৃত্ব ছাড়ার ঘোষণার পর এভাবেই বলেছেন সদ্যসাবেক বনে যাওয়া ডু প্লেসিস।
‘আমি সম্পূর্ণরূপে ফিট আছি, সেরাটা দেয়ার জন্য প্রস্তুত। সত্যিটা বললে- বছরের বাকি সময়টা টেস্টে নেতৃত্ব দিতে পছন্দ করতাম, টি-টুয়েন্টি বিশ্বকাপেও। কিন্তু সবকিছুর একটা সঠিক সময় থাকে। কখনও কখনও নেতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল নিঃস্বার্থ হওয়া। এখন একজন খেলোয়াড় হিসেবে দলের জন্য সেরাটা দেয়ার দিকেই আমার পূর্ণ মনোযোগ থাকবে।’
প্রোটিয়াদের ৩৬ টেস্টে নেতৃত্ব দিয়ে ১৫ ম্যাচে জিতিয়েছেন ডু প্লেসিস। ১৩ হারের পিঠে বাকিগুলোতে এসেছে ড্র। ওয়ানডেতে সেখানে ৩৯ ম্যাচের ২৮টিতেই জিতিয়েছেন, আর টি-টুয়েন্টিতে ৩৭ ম্যাচে ২৩বার হেসেছে ফ্যাফের দল।







