অ্যাস্টন ভিলা, মিডলসব্রো ও উলভস হয়ে আবারও কৈশোরের ক্লাব বার্সেলোনায় ফিরেছেন আডামা ট্রাওরে। চলতি মৌসুমের শেষ পর্যন্ত কাতালান ক্লাবটিতে ধারে খেলবেন এ উইঙ্গার।
২৬ বর্ষী উইঙ্গারকে দলে টানতে খানিকটা কাঠখড় পোহাতে হয়েছে স্প্যানিশ ক্লাবটির। টটেনহ্যাম হটস্পারকে হতাশ করে ট্রাওরে ন্যু ক্যাম্প বেছে নিলে সমাপ্ত হয় হিসেব-নিকেশ। মৌসুমের বাকিটা সময় কাতালানদের সঙ্গে খেলতে চুক্তি সেরেছেন স্প্যানিশ তারকা।
সাত বছর পর পুরনো ডেরায় ফিরে খুশি ট্রাওরে। মাঠের খেলায় আবারও নিজেকে ঢেলে দিতে চান, ‘অনেক বছর পর ফিরতে পেরে আমি অনেক খুশি, এটা স্পেশাল এক মুহূর্ত। এখানে বেড়ে উঠেছি এবং পরিবার ও বন্ধুদের কাছে আবারও ফিরেছি। মাঠের খেলায় সেরাটা ফিরিয়ে দিতে চাই।’
ট্রাওরে বার্সার লা মাসিয়া যুব একাডেমির খেলোয়াড়। যেখান থেকে উঠেছেন লিওনেল মেসি, বার্সা কোচ জাভি হার্নান্দেজের মতো অনেক তারকাই। বার্সায় আগে মোটে চার ম্যাচ খেলেছেন ট্রাওরে। ২০১৫ সালে ১০ মিলিয়ন ইউরোতে অ্যাস্টন ভিলার হয়ে খেলতে যান তিনি।
একবছর পর সেখান থেকে ইংলিশ ক্লাব মিডলসব্রোতে নাম লেখান। ২০১৮ সালে চুক্তি করেন উলভসের সঙ্গে। সেখানে প্রায় সব ম্যাচেই প্রথমার্ধ মাঠের বাইরে কাটাতে হয়েছে ট্রাওরেকে। ক্লাবটির হয়ে সব মিলিয়ে ২৩ ম্যাচে একবার জালের দেখা পেয়েছেন।







