চট্টগ্রাম থেকে: নিজের শুরুর তিন ওভারের মধ্যেই তিন উইকেট তুলে নিয়ে মুশফিক বাহিনীকে চাপে রেখেছেন শফিউল ইসলাম। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের মধ্যে ভাগ হয়ে তিনদিনের অনুশীলন ম্যাচ খেলছেন টাইগাররা। তাতে তামিম ইকবালের টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে চলেছেন পেসার শফিউল।
প্রথম ওভারটা ছিল দুর্দান্ত। পরে নিজের দ্বিতীয় ওভারে সৌম্য সরকারকে (১) ফিরিয়ে প্রথম সাফল্য পান শফিউল। অফস্টাম্পের বাইরে পিচ করা বলে ব্যাকফুটে খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে ধরা পড়েন বাঁহাতি ওপেনার। শফিউল নিজের তৃতীয় ওভারের তৃতীয় বলে ফেরান আরেক ওপেনার ইমরুল কায়েসকে (৫)। তিনি উইকেটের পেছনে লিটন কুমারের গ্লাভসে ক্যাচ দেন।
ওই ওভারেরই শেষ বলে ব্যাটের কানায় লেগে মাহমুদউল্লাহ রিয়াদ (০) বোল্ড হন। ৮ রান তুলতেই টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়েছে মুশফিকের দল। সেখান থেকে নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি বেধেছেন অধিনায়ক মুশফিক।
অস্ট্রেলিয়া সিরিজের আগে টানা তিনদিন চট্টগ্রামের এই স্টেডিয়ামে হয়েছে নিবিড় অনুশীলন। ম্যাচ অনুশীলনে তার প্রতিফলন দেখাতে পারলেন না সৌম্য, ইমরুল, রিয়াদ। অপর প্রান্তে দুর্দান্ত ঝলক দেখালেন শফিউল।
বুধবার সকালে বৃষ্টি বাধা পেরিয়ে সাগরিকায় তামিম-মুশফিকদের লড়াই শুরু হয় দুপুর ১২টা ৪০ মিনিটে। খেলা শুরুর কথা ছিল সকাল সাড়ে ৯টায়। কিন্তু বৃষ্টির কারণে দিনের প্রথম সেশন পণ্ড হয়ে যায়। ১২টার আকাশ হেসে উঠলে মাঠ শুকাতে শুরু করে। পরে শুরু হয় ব্যাটে-বলের লড়াই। আলোকস্বল্পতা না হলে ৬টা পর্যন্ত চলবে প্রথম দিনের খেলা।
গত ১০ জুলাই মিরপুরে ফিটনেস ক্যাম্পের মধ্য দিয়ে শুরু হয়েছিল টাইগারদের অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি। দুই সপ্তাহের মাথায় সব বিভাগের কোচেরা ছুটি কাটিয়ে দেশে ফিরলে শুরু হয় ব্যাট-বলের স্কিল অনুশীলন। সংস্কার কাজের পর শের-ই-বাংলা স্টেডিয়াম ম্যাচ খেলার উপযোগী না হওয়ায় চট্টগ্রামে সপ্তাহখানেকের জন্য এসেছে বাংলাদেশ দল।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের প্রথমটি ২৭-৩১ আগস্ট, মিরপুরে। দ্বিতীয় টেস্ট ৪-৮ সেপ্টেম্বর, চট্টগ্রামে। দুই ম্যাচের সিরিজ খেলতে ১৮ আগস্ট বাংলাদেশে আসবে স্টিভেন স্মিথের দল। একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে তারা।
তামিমের দল: তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাব্বির রহমান, নাসির হোসেন, তানবীর হায়দার, সাঞ্জামুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও সাকলাইন সজীব।
মুশফিকের দল: মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আল আমিন হোসেন, শুভাশীষ রায় ও নাঈম হাসান।







