দ্বিতীয় মেয়াদে চেলসির কোচ থাকাকালে ২০১৪ সালে মরিনহোই ২ কোটি ৮০ লাখ পাউন্ডে রোমেলু লুকাকুকে বিক্রি করে দিয়েছিলেন এভারটনের কাছে। সেই মরিনহো এবার ম্যানইউর কোচ হিসেবে কিনতে মরিয়া পুরনো সেই শিষ্য লুকাকুকে! তবে এবার ছাত্রকে ঘরে ফেরাতে স্পেশাল ওয়ানের লাগবে ৭ কোটি ৫০ লাখ পাউন্ড।
বেলজিয়ান স্ট্রাইকার লুকাকু নাটকীয়ভাবেই দলে নিতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেডে। তার জন্য এভারটনের দেয়া ৭৫ মিলিয়ন পাউন্ডের (৯৭ মিলিয়ন ডলার, ৮৫.৫ মিলিয়ন পাউন্ড) প্রস্তাবে রাজি তারা।
এভারটন থেকে সাবেক ক্লাব চেলসিতেই নাম লেখানোর কথা চলছিল লুকাকুর। কিন্তু তাকে এক রকম ছিনিয়েই নিচ্ছে রেড ডেভিলরা। বিবিসির খবর অনুযায়ী, দুই পক্ষ রাজি হওয়ায় চুক্তিটা এখন সময়ের ব্যাপার মাত্র।
গত মৌসুমের শেষদিকে প্রকাশ্যেই এভারটন ছাড়ার ইচ্ছার কথা জানান লুকাকু। তখন গুজব ছিল, তিনি ফিরতে পারেন চেলসিতে। তবে সে গুজবে জল ঢেলে লন্ডনের বদলে ম্যানচেস্টারে ফিরছেন তিনি।
লুকাকু ওল্ড ট্র্যাফোর্ডে এলে রিয়াল মাদ্রিদের স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতার ব্যাপারে ম্যানইউর আগ্রহ শেষ হয়ে যাবে। গুঞ্জন চলছিল, মোরাতার জন্য ম্যানইউর দেয়া ৭০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে রিয়াল। কিন্তু লুকাকুর জন্য এখন আর মোরাতার পেছনে ছুটতে হবে না ম্যানইউকে।
লুকাকু আসছেন, যাচ্ছেন ওয়েন রুনি। মাত্র ১ কোটি পাউন্ডই ৩১ বছর বয়সী স্ট্রাইকারটিকে এভারটনের কাছে বিক্রি করে দিতে রাজি ম্যানইউ।







