স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, “গুলশানের হলি
আর্টিজান রেস্তোরাঁ থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার তাহমিদের জঙ্গি
সম্পৃক্ততার কোন তথ্য পাওয়া যায়নি। এ কারণে তার বিরুদ্ধে কোন আইনগত
ব্যবস্থা নেয়নি পুলিশ।”
মঙ্গলবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ক সংলাপ অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘আমাদের গোয়েন্দা, নিরাপত্তা বাহিনী যদি মনে করে এর থেকে যা তথ্য পাওয়ার পেয়েছি, তখন এক রকমভাবে তাকে হ্যান্ডেল করে। আর যদি মনে করে আরও তথ্যের প্রয়োজন, তাকে আরেক রকমভাবে হ্যান্ডেল করে। এটাই স্বাভাবিক।’
“তাহমিদের কাছ থেকে আমাদের গোয়েন্দারা এই পর্যন্ত সেইরকম উল্লেখযোগ্য কিছু পায়নি। আমরা সেই জন্যই তাকে আবার রিমান্ডে বা গ্রেপ্তার দেখানোর মতো কিছু করিনি।”
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে গতিশীলতা বাড়াতে পুলিশের জন্য আলাদা এয়ার উইং হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই আইন শৃঙ্খলা বাহিনীকে আধুনিকায়ন করতে সব ধরণের উদ্যোগ নিয়েছে সরকার।’
গুলশানের হলি আর্টিজান বেকারি থেকে উদ্ধারের পর সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হওয়া তাহমিদ হাসিব খান রোববার জামিনে মুক্তি পান।







