সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের বড় জয়, ৪৮ রানের হাসিতে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় ও শেষ ম্যাচে বুধবার হোয়াইটওয়াশের মিশনে নেমেছে টাইগাররা।
শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
জিম্বাবুয়েকে সিরিজের একমাত্র টেস্ট ও তিন ওয়ানডেতে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ আগের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন নিয়ে নেমেছে। তামিম ইকবালকে বাইরে রেখে খেলাচ্ছে নাঈম শেখকে।
লেগস্পিনার আমিনুল বিপ্লবকে বসিয়ে অভিষেক করিয়েছে তরুণ দ্রুতগতির পেসার হাসান মাহমুদকে। আরেক পেসার শফিউল ইসলামের জায়গায় খেলানো হচ্ছে আল-আমিন হোসেনকে।
সিরিজের একমাত্র টেস্টে সাড়ে তিনদিনে জেতা টাইগাররা আত্মবিশ্বাসে অনেকটা এগিয়ে থেকে প্রথম ওয়ানডেতে ১৬৯ রানের বিশাল জয় তোলে। পরের ম্যাচে লড়ে আনে ৪ রানের জয়। সিলেটে শেষ ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার অধিনায়ক অধ্যায়ের বিদায়ী ম্যাচে জিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করে। টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি জিতে সুযোগ সফরকারীদের খালি হাতে ফেরানোর।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও হাসান মাহমুদ।










