স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পরিকল্পিতভাবে হামলা হয়েছে। পুলিশের কাছে হামলার ভিডিও ফুটেজ আছে। ফুটেজ দেখে দ্রুত দোষী ব্যক্তিদের খুঁজে বের করা সম্ভব হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আশা করছেন।
তিনি জানিয়েছেন, রাতে কোনো ধরনের মিছিল না করার জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশনা ছিলো। তারপরও রাতে মিছিল বের করা হয়।
কীভাবে এই হামলা হলো ও কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
তিনি বলেন, দ্রুত জড়িতদের খুঁজে বের করা হবে।
ঘটনার বর্ণনা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অনেকেই পদদলিত হয়ে আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দু’একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রধানমন্ত্রীর কার্যালয় পুলিশ সদর দপ্তরকে টেলিফোনে সব রকমের নির্দেশনা দিয়েছে বলেও তিনি জানিয়েছেন।
হাসপাতালে আহতদের দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, হামলার নেপথ্যে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে।







