৫ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য সুরক্ষায় ব্যর্থতার মামলায় নিষ্পত্তিতে করতে ১৪৮ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিচ্ছে রাইড সেবা দেয়া প্রতিষ্ঠান উবার। তথ্যের গোপনীয়তা রক্ষায় ব্যর্থতার কারণে এটাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের ক্ষতিপূরণ।
ক্ষতিপূরণ দেয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে এবং ওয়াশিংটন ডিসির সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের সমাপ্তি টানছে উবার।
২০১৬ সালে তখনকার প্রধান নির্বাহী ট্রাভিস কালানিকের সময়ে সাইবার আক্রমণের মুখে পড়ে উবার। ৫ কোটি ৭০ লাখ উবার ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয় হ্যাকাররা। হ্যাকারদের হাতে চলে যায় ৬ লাখ উবার চালকের লাইসেন্স নম্বর। অথচ এতোবড় ঘটনা শুরুতে চেপে যাওয়ার চেষ্টা করে উবারের ততকালীন কর্তারা। গ্রাহকদের তথ্য সুরক্ষা দিতে ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে, অস্ট্রেলিয়া এবং ফিলিপাইনে ব্যাপক চাপের মুখে পড়ে উবার। এ ঘটনায় যুক্তরাষ্ট্রে ১০ মাস ধরে তদন্ত চলে উবারের বিরুদ্ধে। এরপর ২০১৭ সালের নভেম্বরে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী দারা খসরোশাহি তথ্য ফাঁসের কথা স্বীকার করে নেন। দেশটির বিভিন্ন রাজ্যে চলা মামলার নিষ্পত্তিতে সমঝোতা করতে অবশেষে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে রাজি হয় উবার।
সমঝোতায় আর্থিক ক্ষতিপূরণ ছাড়াও নতুন শর্তাবলীর হিসেবে উবারের ব্যবসায়িক ও কর্পোরেট নীতিতে ব্যাপক পরিবর্তন এবং ভবিষ্যতে গ্রাহক তথ্যসুরক্ষা নিশ্চিত করা অন্তর্ভুক্ত করা হয়। এই শর্তানুযায়ী আগামী দুই বছরের জন্য উবারকে প্রতি তিন মাস পর পর যুক্তরাষ্ট্রকে তথ্যসুরক্ষা সংক্রান্ত প্রতিবেদন দিতে হবে এবং উবারের পরিচালনা পর্ষদের তদারকিতে তথ্য নিরাপত্তা কর্মসূচি চালু করতে হবে।








