তথ্য বিনিময়: আরেক প্রতিষ্ঠানের ওপর তদন্ত চালাচ্ছে ফেসবুক

জনপ্রিয়, তবে ইতোমধ্যে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিক্রির দায়ে অভিযুক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ডেটা অ্যানালিটিকস ফার্মের সঙ্গে ব্যবসা স্থগিত করেছে।
‘ক্রিমসন হেক্সাগন’ নামের প্রতিষ্ঠানটি বিনা অনুমতিতে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ ও বিনিময় করছে, এমন আশঙ্কা থেকে ব্যবসা স্থগিত থাকা অবস্থায় এর ওপর তদন্ত শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
বোস্টনে সদর দপ্তর ক্রিমসন হেক্সাগন অ্যানালিটিকম ফার্মের। প্রতিষ্ঠানটির দাবি, এরা বিভিন্ন ক্লায়েন্টকে সম্ভাব্য ভোক্তাদের ‘ভেতরের তথ্য’ সরবরাহ করতে সক্ষম। বিশ্বজুড়ে নানা দেশের সরকারি সংস্থার সঙ্গেও চুক্তি রয়েছে বলে বক্তব্য তাদের।
এমনই কিছু চুক্তি খতিয়ে দেখছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। অনুসন্ধান করে দেখা হচ্ছে এর কোনোটি যোগাযোগ মাধ্যমটির নজরদারি বিষয়ক নীতিমালা লঙ্ঘন করে কিনা।
এখন পর্যন্ত অবশ্য বেআইনিভাবে বা নিয়মের বাইরে গিয়ে কোনো তথ্য সংগ্রহের প্রমাণ মেলেনি বলে জানিয়েছে ফেসবুক। তারপরও তদন্ত প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়া পর্যন্ত ব্যবসা ও তথ্য বিনিময় স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, ক্রিমসন হেক্সাগন ফেসবুক ব্যবহারকারীদের পাবলিক করে রাখা তথ্য সংগ্রহ করে বিশ্লেষণের কাজ করে গ্রাহকদের হয়ে। এই গ্রাহকদের মধ্যে ক্রেমলিনের সঙ্গে সম্পৃক্ত একটি রুশ অলাভজনক সংস্থা ও বেশ কিছু মার্কিন সরকারি সংস্থাও রয়েছে।
গত বছরের মার্চে প্রথম নাগরিক স্বাধীনতা বিষয়ক কিছু অধিকার সংগঠনের চাপে ফেসবুক সরকারি নজরদারির উদ্দেশ্যে ব্যবহারকারীদের তথ্য ব্যবহারে বাধা দেয়। সংগঠনগুলোর দাবি ছিল, এসব তথ্য বিশ্লেষণ করে সরকার ভিন্নমত পোষণকারী ও প্রতিবাদকারীদের চিহ্নিত করতে পারে।
একই কারণ দেখিয়ে নতুন তদন্তটি শুরু করেছে জনপ্রিয় এই সামাজিক মাধ্যম। শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামের তথ্য ব্যবহার করতে পারে এমন সার্ভেইল্যান্স টুল তৈরি করতে দেই না ডেভেলপারদের।’
ক্রিমসন হেক্সাগনের নিজস্ব ওয়েবসাইটে বলা হয়েছে, এই অ্যানালিটিকস ফার্ম এক ধরনের ডেটা সেট নিয়ে কাজ করে। এই ডেটা সেটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ট্রিলিয়নেরও বেশি পোস্ট সংরক্ষিত রয়েছে।
প্রতিদিন অনলাইনে পোস্ট হওয়া ১৬০ মিলিয়ন বা ১৬ কোটিরও বেশি ছবি এরা বিশ্লেষণ করতে সক্ষম বলেও ওয়েবসাইটে গর্ব করেছে।
সরকারি সংস্থা ছাড়াও আদিদাস, স্যামসাং ও বিবিসিসহ অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে ক্রিমসন হেক্সাগন চুক্তিবদ্ধ।





