রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর বাবা ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করেন।
এর পরিপ্রেক্ষিতে ধর্ষককে আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করছে আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক চ্যানেল আই অনলাইনকে বলেন: মেয়ের বাবা বাদী হয়ে মামলা করেন। মামলার এজাহারে মেয়েটিকে একজন ধরে নিয়ে ধর্ষণ করে বলে উল্লেখ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ধর্ষণের ঘটনাস্থল জানতে চাইলে তিনি বলেন: ওই এলাকাটি একটু গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকা। ঘটনাস্থলটি আমরা এখনই প্রকাশ করতে চাচ্ছি না।
এর আগে রোববার রাতেই মেয়েটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। প্রাথমিক তদন্ত ও যাচাই-বাছাই শেষে সোমবার দুপুরে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়।
গুলশান বিভাগের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান: গতকাল রাত থেকে অভিযুক্তদের খুঁজতে অভিযান শুরু করেছে পুলিশ, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশসহ পুলিশের একাধিক ইউনিট। এছাড়াও ঘটনাস্থল থেকে ধর্ষণের আলামত সংগ্রহের কাজ চলছে।
তিনি আরও জানান: ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে। সন্দেহভাজন কেউ থাকলে আমরা অপরাধীকে চিহ্নিত করব। প্রয়োজনে অপরাধীর চেহারা শনাক্তে ওই ছাত্রীর সহযোগিতা নেয়া হবে।
রোববার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই ছাত্রী। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাবির নিজস্ব বাসে রওনা দেন তিনি। সন্ধ্যা ৭টার দিকে তিনি কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নামেন।
এরপর একজন অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। ধর্ষণের পাশাপাশি তাকে নির্যাতনও করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
ধর্ষণের এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। রাত ১০টার দিকে নিজেকে একটি নির্জন জায়গায় আবিষ্কার করেন ওই ছাত্রী। পরে সিএনজি নিয়ে ঢামেকে আসেন। রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।
অন্যদিকে একই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহবাগ থানায় মামলা করেছে। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে ওই শিক্ষার্থীকে সব ধরনের লিগ্যাল সাপোর্ট দেয়া হবে বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।







