নিখোঁজের তালিকায় এবার যুক্ত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মো. মুজাহিদুর রহমানের নাম। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক।
মুজাহিদের স্ত্রী কামরুন নাহার লাকি তার স্বামী নিখোঁজের বিষয়ে গত ২৯ নভেম্বর রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সেখানে তিনি উল্লেখ করেছেন, ‘আমার স্বামী মো: মুজাহিদুর রহমান (৩২) গত ২৬ নভেম্বর আনুমানিক সকাল ১০:৫০ মিনিটে সকালে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেননি, তার সঙ্গে যে মুঠোফোন ছিল সেটিও বন্ধ।’

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে বলেন, মুজাহিদের স্ত্রী থানায় জিডি করেছেন, আমরা নিখোঁজ মুজাহিদকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
মুজাহিদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানার বানিয়াদী গ্রামে। তার পিতা মৃত আব্দুল রশিদ আফ্রাদ। পাঁচ ভাই দুই বোনের মধ্যে সবচেয়ে ছোট মুজাহিদ। রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ একটি ভাড়া বাসায় তিনি বসবাস করতেন।







