হলের সিট বন্টনকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ভাংচুরের ঘটনা ঘটেছে। ওই ঘটনার পরে হল প্রশাসনের সহযোগিতায় ভোররাতে অভিযান চালিয়ে ৪ জন বহিরাগতকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে বারোটার দিকে হলের সিট বন্টনকে কেন্দ্র করে হল সভাপতি আরিফ হোসেন এবং সাধারণ সম্পাদক শাহেদ খানের গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী এনায়েতের হস্তক্ষেপে সে উত্তেজনা থামলেও রাত তিনটার দিকে আবার দুই গ্রুপের মধ্যে রড এবং লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় উত্তেজিত কর্মীরা হল বারান্দার লাইট ও পানির ফিল্টার ভাংচুর করে। পরে হল প্রাধ্যক্ষ অধ্যাপক রহমত উল্লাহ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভোর সাড়ে চারটার দিকে হল প্রশাসনের সহযোগিতায় শাহবাগ থানার ওসি আবুল হাসানের নেতৃত্বে হলের ১০টি কক্ষে তল্লাশি চালানো হয়। এর মধ্যে তিনটি কক্ষ থেকে চারজন বহিরাগতকে আটক করে পুলিশ। আটককৃতদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ অধ্যাপক রহমত উল্লাহ চ্যানেল আই অনলাইনকে বলেন, তদন্ত করে ভাংচুরের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে।







