ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মিনার পাদদেশে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আন্দোলনকারী শিক্ষার্থীরা “শিক্ষা-সন্ত্রাস এক সাথে চলে না, শিক্ষা- দুর্নীতি এক সাথে চলে না”; “গোপালগঞ্জের ভিসি, ছিছি, জাবির ভিসি ছিছি”; “গোপালগঞ্জের সৈনিকের লও লও লও সালাম, যাদুবপুরের সৈনিকেরা লও লও লও সালাম”; “গোপালগঞ্জে হামলা কেন? জবাব চাই, জবাব চাই”; “জেগেছে রে জেগেছে ছাত্রসমাজ জেগেছে”; “দুর্নীতিবাজ ভিসিরা হুশিয়ার সাবধান” ইত্যাদি স্লোগান দিতে থাকে।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে ছাত্র ইউনিয়নের রাকিবুল রনি বলেন, গোপালগঞ্জের ভিসি, ঢাবির ও জাবির ভিসির একই চরিত্র। ভিসির আসনে থাকার তাদের কোন নৈতিক অধিকার নেই।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক শাকিল উজ্জমান বলেন, জাতির ফুসফুস হচ্ছে বিশ্ববিদ্যালয়, সারা বাংলার ছাত্রসমাজ ঔক্যবদ্ধ আছে। দুর্নীতিগ্রস্ত গোপালগঞ্জের ভিসিকে পদত্যাগ করতে হবে তা না হলে বাংলাদেশের ছাত্রসমাজ ঔক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে। আমারা গোপালগঞ্জের ভাই-বোনদের পাশে আছি।
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বলেন, দলীয় এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত ভিসিরা ছাত্র ছাত্রীদের কাছে দায়বদ্ধ না, তাদের ভিসি হওয়ার যোগ্যতা নাই তারা দলীয় বিবেচনায় ভিসি হোন। তাই ভিসিদের অগণতান্ত্রিক স্বৈরাচারী আচরণ।








