চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা ক্রিকেট দল। দুপুরে রাজধানীতে পা রাখে টাইগাররা, সঙ্গে প্রোটিয়ারাও।
বৃষ্টি বিঘ্নিত প্রথম টেস্টের পর আজ রোববার ছুটি কাটাবে বাংলাদেশ দল। আগামীকাল থেকে শুরু হবে অনুশীলন।
বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন চ্যানেল আই অনলাইনকে জানান, দুপুরে ঢাকায় নেমে টিম হোটেলে পৌঁছেছেন তারা। তবে অফিশিয়ালি আজকের দিনটি ছুটি হিসেবে গণ্য হচ্ছে।
আর তাই ক্রিকেটারদের মধ্যে কেউ কেউ এয়ারপোর্ট থেকে নিজের বাসায় পরিবারের সঙ্গে দেখা করে রাতের মধ্যেই আবারও হোটেলে টিমের সঙ্গে যুক্ত হবেন।
৩০ জুলাই মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
চট্টগ্রামে প্রথম টেস্টের আগে তৃতীয় ও শেষ ওয়ানডে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতে নেয় বাংলাদেশ।






