কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে।
এ নিয়ে দু’দিনে কোভ্যাক্স থেকে সিনোফার্মের ৩৪ লাখ ৬০১ ডোজ টিকা দেশে এলো।
আজ বুধবার রাত ৭টা ৫০ মিনিটে টিকা বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কোভ্যাক্সের আওতায় সিনোফার্ম থেকে ১৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা এসেছে।
এর আগে, গতকাল মঙ্গলবার কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় আসে। সেটি ছিল সিনোফার্ম থেকে কোভ্যাক্সের আওতায় টিকার প্রথম চালান। এ নিয়ে দুই চালানে কোভ্যাক্স থেকে সিনোফার্মের ৩৪ লাখ ৬০১ ডোজ টিকা এলো।
গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।







