চিত্রনায়ক দেব নয়, আজ শুক্রবার দুপুরে ঢাকায় এসেছেন ভারতের লোকসভার সাংসদ দীপক অধিকারী (দেব)। ১ থেকে ৫ এপ্রিল জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলন। এই সম্মেলনে আমন্ত্রিত হয়ে এসেছেন তিনি।
আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজেই পোস্ট করেছেন, ‘শুভ সকাল, সবাইকে। আমার খুব প্রিয় একটি দেশে যাচ্ছি। শিগগিরই সবাইকে জানাব।’ কয়েক ঘণ্টা পর আবার লিখেছেন, ‘এইতো বাংলাদেশ, খুব বেশি উত্তেজিত’।
চিত্রনায়ক দেব ঢাকায় এসেছেন, আর এখানে তিনি চলচ্চিত্র নিয়ে কোনো আলোচনা করবেন না, তাই কি হয়? মোটেও না। জানা গেছে, জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চলচ্চিত্র নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। পাশাপাশি কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাতেরে কথা রয়েছে তার।







