মতামত

ঢাকার বর্জ্য সমস্যায় কোরবানির চাপ; সমাধানের সম্ভাব্য উপায়

ঢাকার বর্জ্য সমস্যায় কোরবানির চাপ; সমাধানের সম্ভাব্য উপায়

ফাঁকা হতে শুরু হয়েছে ঢাকা। আমাদের স্বপ্নের শহর, বাংলাদেশের রাজধানী ঢাকা। যেখানে প্রতিদিন ২,১৩৬ জন মানুষ দেশের বিভিন্ন এলাকা থেকে আসে স্থিতু হবার জন্য, জীবিকার জন্য। এই লেখা যখন লিখছি তখন ঢাকার রাস্তার তীব্র যানজট হালকা হয়ে ঢাকার বাইরে গিয়ে ভয়াবহ রূপ নিয়েছে, ঘরে ফেরাদের রাস্তায়। ঈদ এলেই রাজধানীর মানুষ মা, মাটির টানে আর খোলা বাতাসে প্রাণভরে নিঃশ্বাস নিতে ছুটে যায় গ্রাম বা নিজের ছোট্ট শহরে। রাস্তায় অবর্ণনীয় কষ্ট হবে তা জেনেও মানুষ যায়, তাদের যেতে হয়।

আগামী ১৩ সেপ্টেম্বর শুরু হবে ঈদ-উল-আযহা, সারা বাংলাদেশ জুড়ে। নগরীও সাজছে সে জন্য। একদিকে নগরবাসী যেমন ছুটে চলেছে তাঁদের প্রাণের গন্তব্য অন্য দিকে ঢাকা শহরে ঢুকছে হাজার হাজার ট্রাক বোঝায় কোরবানীর পশু। যা ঈদের পরের তিনদিন ধরে আল্লাহর সন্তুষটির জন্য কোরবান করা হবে। কোরবানীর কারণে বাড়বে বর্জ্য।

ঢাকা সিটি কর্পোরেশন ও এতদসংশ্লিষ্টরা জানিয়েছেন যে, ঢাকার দুই সিটি কর্পোরেশন মিলে প্রতিদিন জেনারেট হয় ৫৫০০ থেকে ৬০০০ মেট্রিক টন বর্জ্য। ২০০৫ সালে জাইকার অধীনে এ বিষয়ক একটি গবেষণায় বলা হয়েছিল, ঢাকা শহরে প্রতিদিন ৩ হাজার ২০০ টন বর্জ্য উৎপাদিত হয়। এর মধ্যে ১ হাজার ৯৫০ টন বাসাবাড়িতে, ১ হাজার ৫০ টন বিভিন্ন বাণিজ্যক প্রতিষ্ঠানে এবং ২০০ টন উৎপাদিত হয় রাস্তায়। অর্থাৎ গত ১০ বছরে রাজধানীতে বর্জ্যের পরিমান দ্বিগুণ হয়েছে। দুই সিটিতে জাইকার দেওয়া ১১২ টি নতুন আর বাকী পুরাতন মিলে প্রায় ৬০০ ট্রাকের মাধ্যমে এই বর্জ্য অপসারনের চেষ্টা করে সিটি কর্পোরেশন।

কিন্তু ঢাকা ওয়াসা দাবী করে যে, তাদের স্যুয়েরেজ লাইন দিয়ে মানব বর্জ্য আর অন্যান্য বর্জ্য, বিশেষ করে কোরবানীর সময়ের বর্জ্যের একটা বিরাট অংশ মিলে শতকরা ২০ ভাগ বর্জ্য নগরীর পাশের খালে বিলে গিয়ে তা তৈরি করে দূষণের তরল মহাআধার। এর পাশাপাশি গরীব মানুষেরা পলিথিন কাগজ, প্লাস্টিক, ইত্যাদি রিসাইকেলেবল বর্জ্য নিয়ে গেলেও কিছু রাস্তায় পড়ে থাকে। বাকীগুলো ফেলা হয় উত্তরের আমীন বাজার আর দক্ষিণের মাতুয়াইল ল্যান্ডফিলে। ঢাকার বর্জ্য সমস্যায় কোরবানির চাপ; সমাধানের সম্ভাব্য উপায়

এর আগে মহল্লা থেকে মহল্লাভিত্তিক ঠিকাদারগণ(!) সেকেন্ডারি ট্র্যান্সফার স্টেশনে (উত্তরের ৭২টি আর দক্ষিণের ৫০টি এখনো নির্মাণাধীন) নিয়ে আসেন। কয়েক বছরেই ল্যান্ডফিল দুটো প্রায় ভরে গেছে, নতুন দুটি জায়গা খুঁজতে হবে।

আধুনিক শহরে খোলা জায়গা বাদেও নগরীর মোট ২০ ভাগের বেশী জায়গা জুড়ে থাকে রাস্তা, থাকে খেলার মাঠ, শিশু পার্ক, ইত্যাদি। আমাদের প্রিয় ঢাকায় সাধারণের জন্য খেলার মাঠ নেই বললেই চলে, আর রাস্তা অলি গলি মিলে আছে শতকরা ১০ ভাগেরও কম। তাই কোরবানীর সময় সবাই পশু কোরবানী দেন রাস্তায়। প্রতিদিন অতিরিক্ত ৫০০০ টনের বেশী তৈরী হয় কোরবানীর কারণে। বিরাট অংশ কোরবানির বর্জ্য পানি দিয়ে ধুয়ে ঢুকিয়ে দেওয়া হয়, স্ট্রমওয়াটার ড্রেইন বা ওয়াসার স্যুয়েরেজ লাইনে। সেখান থেকে যায় পাশের নদী খালে। স্ট্যান্ডার্ড হলো, স্ট্রমওয়াটার ড্রেইন বা স্যুয়েরেজ লাইনে যা যাবে তা হতে হবে ৯০ থেকে ৯৫ ভাগ তরল। তা না হলে তলানী পড়ে পড়ে স্ট্রমওয়াটার ড্রেইন বা স্যুয়েরেজ লাইন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে।

ভারী বৃষ্টির পরে নগরীর রাস্তা হবে অগভীর খাল। আর যেহেতু ঢাকার সব রাস্তাই বিটুমিন বা পীচ ঢালা পথ তাই বৃষ্টি জমা রাস্তার উপর দিয়ে মাঝারী বা ভারী যানবাহন চললে কয়েক ঘন্টায় তা নষ্ট হয়ে যাবে। কয়েকদিন আগে সংসদ ভবনের সামনের রাস্তায় পানি জমে নৌকা চলার উপযোগী ছিল কয়েক ঘন্টা। ঢাকা শহরে এমন অনেক জায়গা আছে যেখানে একটু ভারী বৃষ্টিতেই পানি জমে। সেটা কেন হয় এই কথার পরে তা আর আমাদের বুঝতে অসুবিধা হবার কথা না।

অন্যদিকে ঈদের পরেই দেখা যায় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। এর অন্যতম কারণ এই বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি। মেডিক্যাল ওয়েস্ট এসময় বেশীরভাগ ক্ষেত্রেই আলাদা করা হয় না বলে অভিযোগ আছে। এছাড়া রোগাক্রান্ত পশুর বর্জ্য থেকে ছড়িয়ে পড়ে টাইফয়েড, ডিসেন্ট্রি, ডিপথেরিয়া, anthrax, colibacilosis, giardiasis,histoplasmosis, salmonellosis, toxoplasmosis, brucellosis, Leptospirosis, listeriosis, rabies,বায়ূ দূষণের কারণে এমনিতেই ঢাকা শহরে শ্বাসকস্টের রোগীর সংখ্যা বেশী। তাঁদের শুরু হয় অবর্ণনীয় কষ্ট। লম্বা ছুটির কারণে হাসপাতাল সেবা থাকে সীমিত।

তাই কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা খুবই জরুরি।
প্রণীত নীতিমালায় পরিবর্তন
সব ধরণের বর্জ্যের ভালো-মন্দ দিক নিয়ে শিশুদের জ্ঞানে সমৃদ্ধ করার লক্ষ্যে আমাদের দেশের শিক্ষার প্রাথমিক স্তরের শিক্ষা পাঠ্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনতে প্রণীত প্রাথমিক শিক্ষা নীতিমালায় পরিবর্তন আনতে হবে।

প্রাথমিক শিক্ষা স্তরে বর্জ্য ব্যবস্থাপনার সচেতনতা বৃদ্ধি

১। স্কুল ম্যানেজমেন্ট কমিটি (এসএমসি), অভিভাবকদের নিয়ে নগরীর বর্জ্যব্যবস্থাপনায় আমাদের করণীয় নিয়ে সময়ে সময়ে নিয়মিত মিটিং করা। পরবর্তীকালে যেখানে শিশু ছাত্ররাও উপস্থিত রাখার সুযোগ দেওয়া
২। বাসা থেকে বর্জ্য পৃথকীকরণ করার শিক্ষা দিতে হবে। যেমনঃ পচনশীল বর্জ্য, পুনঃব্যবহারযোগ্য বর্জ্য কাগজ, প্লাস্টিক ও মেটাল আলাদা করা অভ্যাস গড়ে তোলা
৩। স্কুল থেকে প্রাথমিকের প্রত্যেক ছাত্রকে থ্রি-চেম্বার ব্যাগ দেওয়া, সেটা ব্যবহার করে এক চেম্বারে কাগজ, এক চেম্বারে প্লাস্টিক আর অন্য চেম্বারে মেটাল বর্জ্য ভরে স্কুলে নিয়ে যাওয়া
৪। স্কুলে রক্ষিত ড্রামে তা ফেলা ও সেখানে রক্ষিত খাতায় নিজেরাই হিসেব রাখা
৫। স্থানীয় গরীব শিশুদের দিয়ে তা বাছাই করা এবং পরে SMCর সহায়তায় ভাঙ্গারি দোকানের মাধ্যমে তা বিক্রি করে সেই টাকা শিশুদের ইচ্ছামত খরচের ব্যবস্থা করা
৬। রাস্তায় বা যেখানে সেখানে বর্জ্য ফেলার অপকারীতার শিক্ষা দেওয়া
৭। পলিথিন, কোরবানির বর্জ্য সুয়েরেজ লাইন বা স্ট্রমওয়াটার ড্রেইনে ফেলারঅপকারীতা শিক্ষা দেওয়া
৮। বর্জ্য সম্পর্কিত বাচ্চাদের এই শিক্ষা/ জ্ঞান তাদের অভিভাবকদের প্রভাবিত করছে কি না স্কুলের যৌথ সভার মাধ্যমে তা পরীক্ষা করা
৯। সরকারীভাবে, মহল্লায় মহল্লায় স্কুলভিত্তিক ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার মনিটরং ব্যবস্থা চালু করা

জেনারেল ওয়েস্ট কমিয়ে আনার চেষ্টা
১। ঈদের সময় বিভিন্ন ধরণের স্ন্যাক্স আর পানিয়ের ব্যবহার খুব বেড়ে যায়, তার প্যাকেট /ক্যান সংরক্ষণ করা বা যেখানে সেখানে না ফেলা
২। উপহার হিসেবে বা নিজের প্রয়োজনে বেশী মোড়কওয়ালা জিনিসপত্র পারত পক্ষে না কেনা
৩। এক বা দুই দিনের দরকারে অর্থাৎ বেশী দরকার নেই তেমন জিনিস সস্তায় পেলেও না কেনা, পারলে ধার করে কাজ চালানো
৪। বাসার রান্নাঘরের পচনশীল জিনিস দিয়ে কম্পোস্ট সার তৈরী করে নিজের ছাদের বাগান বা টবের গাছে ব্যবহার করা
৫। আইটির ব্যবহার বাড়ানো।
৬। শিশুদের অনুসরণ করে নিজেরাও বিভিন্ন ধরণের বর্জ্য আলাদা আলাদা করা
৭। অফিস আদালতে পুনঃব্যবহারযোগ্য বস্তুর পুনঃব্যবহারের অভ্যাস গড়ে তোলাঢাকার বর্জ্য সমস্যায় কোরবানির চাপ; সমাধানের সম্ভাব্য উপায়

রিসাইকেল কোম্পানিকে উৎসাহিত করা
১। রিসাইকেল কোম্পানিকে কর রেয়াত দেওয়া
২। রিসাইকেল কোম্পানিকে ভর্তুকি দেওয়া
৩। রিসাইকেল পণ্য সরকারী বেসরকারী দপ্তরে ব্যবহার উৎসাহিত করা
৪। রিসাইকেলযোগ্য অতিরিক্ত পন্য রপ্তানীতে উৎসাহিত করা, প্রণোদনা দেওয়া

নগর কেন্দ্রিক আধুনিক কসাইখানা প্রতিষ্ঠা করা
১। পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন এলাকায় সুবিধাজনক স্থানে পর্যাপ্ত সংখ্যক সরকারী/ বেসরকারী/ পিপিপি’র মাধ্যমে আধুনিক কসাইখানা প্রতিষ্ঠা করা। এতে জবেহ, কোরবানি, ড্রেসিং, কাটিং খরচ খুব কম হয় কারণ তাঁরা রক্ত, হাড়, শিং, মাথার চামড়া, ময়লা, লেজের মাংশ, লেজের পশম এবং হাস- মুরগীর বর্জ্য, ফেদার, ইত্যাদির প্রসেস করে বিক্রির মাধ্যমে তাদের পরোক্ষ লাভ করে।

২। যে কোন পশু পাখি জবেহ করার জন্য সেটা ব্যবহার আইন প্রনয়ণ করে তা বাধ্যতামূলক করা

পানিবাহিত/ ছোঁয়াচে রোগ কমাতে ব্যবস্থা
১। ঢাকা শহরের পাশের বেড়িবাঁধের পাশ দিয়ে স্থাপিত পাম্প হাউজের পাশের রিটেনশন পন্ডের অবৈধ দখল বন্ধ করা।
২। ঢাকা শহরের পাশের বেড়িবাঁধের পাশ দিয়ে স্থাপিত পাম্প হাউজের পাশের রিটেনশন পন্ড ব্যবহার করে পানি রিসাইকেল করে ওয়াসার লাইন দিয়ে তা পুনঃব্যবহার করা, যেমনটি উন্নত দেশে হয়
স্ট্রমওয়াটার/ ওয়েস্ট ওয়াটার, স্যুয়েরেজ লাইন থেকে পানি নগরীর পাশের খাল/ নদীতে না ফেলে রিটেনশন পন্ডে ফেলার ব্যবস্থা করা
৩। কোরবানির বর্জ্য বা বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে পরিবেশ বান্ধব প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা

না দেখা লাভ
১। ঢাকা মহা নগরীতে রাজউকের জনবল বাড়িয়ে পরিকল্পনা অনুযায়ী পাশ করা রাস্তা ঠিক রাখা/ বাড়ানোর পরিকল্পনা কঠোরভাবে বাস্তবায়ন করা হলে নগরীর ট্রাফিক জ্যাম কমবে
২। স্ট্রমওয়াটার/ ওয়েস্ট ওয়াটার, স্যুয়েরেজ লাইন পরস্কার থাকলে বর্ষাকালে, নগরীর জলবদ্ধতা কমবে, রাস্তার ক্ষতি কম হবে, বাঁচবে সরকারের কোটি কোটি টাকা

অন্যান্য
১। ঢাকা মহা নগরীর সফলতা ও ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সারা দেশের বিভিন্ন নগরীতে তার প্রয়োগ করা
২। বর্জ্য ব্যবস্থাপনায় নতুন কিছু উদ্ভাবনে গবেষণায় উৎসাহিত করা।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

বিষয়:বর্জ্য বর্জ্য সমস্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…