বিপিএলে সোমবারের ম্যাচে ব্যাট হাতে অচেনাই লাগল ঢাকা ডায়নামাইটসকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হাসান আলীর দুর্দান্ত বোলিংয়ে ১২৮ রানেই আটকে গেল সাকিব আল হাসানের দল। অথচ আগের কয়েকটি ম্যাচে বড় সংগ্রহই গড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। নিজেদের শেষ ম্যাচেও দুই শতাধিক রান করেছিল দলটি। এদিন ৫ উইকেট তুলে নিয়ে ঢাকার কোমর ভেঙেছেন পাকিস্তানি পেসার হাসান।
টস জিতে চলতি আসরে এদিনই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা। ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন হাসান। এভিন লুইস ও মেহেদী মারুফকে বোল্ড করেন তিনি।
শুরুতে ধ্বংসস্তুপে পড়লেও দ্বিতীয় উইকেট জুটিতে ৯২ রান তুলে বড় স্কোরের ইঙ্গিত দিয়েছিলেন শহিদ আফ্রিদির পরিবর্তে ওপেন করা সুনিল নারিন ও কুমার সাঙ্গাকারা। কিন্তু সাঙ্গার রানআউটের পর তাসের ঘরের মত ভেঙে পড়ে ঢাকার ইনিংস।
নারিন ৪৫ বলে ৭৬ ও সাঙ্গার ২৮ ছাড়া ঢাকার আর কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ৯ বল বাকি থাকতেই ফুলস্টপ পড়ে ঢাকার ইনিংসে।
প্রথম দুই ওভারে দুটি এবং পরের দেড় ওভারে তিনটি উইকেট নেন হাসান। ঢাকার পাঁচজন ব্যাটসম্যানকে বোল্ড করেছেন তিনি।
হাসান ছাড়াও মোহাম্মদ সাইফউদ্দিন দুটি ও রশিদ খান একটি করে উইকেট নেন।








