সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। ওয়ানডেতে নিজেদের আসল রূপটা ফিরে পেতে রোববার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৩ টায় সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
এই ম্যাচে জয়তো অবশ্যই একই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে নিজেদের স্বাভাবিক পারফরম্যান্সে ফেরারও চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশ। সিরিজটা শুরু হয়েছে ৮ উইকেটের বড় পরাজয়ে। সাউথ আফ্রিকার পেসার রাবাদার বিশ্বরেকর্ডের দিনে ব্যাটে-বলে আলো ছড়াতে পারেন নি বাংলাদেশ দলের কেউই।
তবে প্রথম ম্যাচে হয়নি বলে যে দ্বিতীয় ম্যাচেও হবে না, পরিস্থিতি এমন নয়। সিরিজ বাঁচাতে রোববারের ম্যাচ টাইগারদের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ।
দলের মিডঅর্ডার ব্যাটসম্যান নাসির হোসেন বলেন, কোনো কিছুই পরিবর্তন হয়নি, দলের সবই ঠিক আছে।সব খেলোয়াড়েরই আত্মবিশ্বাস ভালো আছে। শুধু একটা দিন খারাপ গেছে।
প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়েই ব্যর্থতাটা বেশি। দ্বিতীয় ওয়ানডেতে তাই একাদশে পরিবর্তন আসা উচিত কিনা- এমন প্রশ্ন ছিলো বাংলাদেশ দলের অলরাউন্ডার নাসির হোসের কাছে। নাসির অবশ্য বিষয়টি টিম ম্যানেজমেন্টের ব্যাপার বলে জানান।
সহজ জয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচের জন্যও আগের মতোই সিরিয়াস টিম-সাউথ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচেও স্বাগতিকদের সমীহ করছে তারা। ডেভিড মিলার বলেন, এটা বলতে হয় গত কয়েক মাস বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে। তবে আমাদের সম্পূর্ণ মনোযোগ আমাদের নিজেদের কাজের দিকেই।
টি-টুয়েন্টির পর প্রথম ওয়ানডেতেও ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের। সিরিজে ব্যাকফুটে থাকা টাইগারদের মূল লক্ষ্য এখন ওয়ানডেতে নিজেদের আসল রূপটা ফিরে পাওয়া।






