থাইল্যান্ডে গুহায় পানিবন্দী হয়ে আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে খুব শিগগিরই উদ্ধার করা সম্ভব নয় বলে জানিয়েছে থাই প্রশাসন। কারণ তারা এখনো ডুবসাঁতার দেয়ার জন্য তৈরি নয়।
চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার থাম লুয়াং নাং নন গুহায় আটকে পড়া কিশোরদের শরীরে হাঁটার মতো শক্তি থাকলেও তাদের পক্ষে আপাতত সাঁতরে বেরিয়ে আসা সম্ভব নয় বলে জানিয়েছে উদ্ধার কর্তৃপক্ষ।
উদ্ধার চেষ্টার সর্বশেষ পরিস্থিতি জানাতে শুক্রবার এক সংবাদ সম্মেলনে চিয়াং রাই গভর্নর নারংসাক ওসোথানাকর্ন জানান, ছেলেদের স্বাস্থ্য আগের চেয়ে উন্নত হয়ে ‘স্বাভাবিক’ পর্যায়ে এসেছে। তবে তাদের হাঁটার মতো যথেষ্ট শক্তি থাকলেও ডুবসাঁতার দিয়ে গুহা পেরিয়ে বেরিয়ে আসার মতো সামর্থ্য এখনো হয়নি।
তবে এখনো তাদেরকে অভিজ্ঞ ডুবুরিরা ডুবসাঁতার শেখাচ্ছেন বলে জানিয়েছেন গভর্নর।
থাম লুয়াং গুহার ভেতরে নিরাপদ শ্বাস-প্রশ্বাস নিশ্চিত করতে এরই মধ্যে একটি অক্সিজেন এয়ার লাইন (সরবরাহ পাইপ) স্থাপন করা হয়েছে।
এর আগে আটকে পড়াদের অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে বেরিয়ে আসার সময় থাই নেভি সিলের সাবেক ডুবুরি সামার্ন কুনানের মৃত্যু হয়। এর ফলে কিশোরদের বের করে আনার প্রক্রিয়াটা কতটা ঝুঁকিপূর্ণ, তা আরও গুরুতরভাবে সবার সামনে উঠে এসেছে।
রোববার ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় গুহার ভেতরের পানি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে উদ্ধারকারী দল। তাই ফুটবল দলটিকে দ্রুত বের করে আনার বিকল্প পথ খুঁজছে উদ্ধারকারীরা।
বিবিসি জানিয়েছে, গুহার প্রবেশপথ থেকে ছেলেদের অবস্থান পর্যন্ত সরাসরি রাস্তা তৈরির জন্য এ পর্যন্ত উদ্ধারকারীরা একশ’র বেশি সুড়ঙ্গ খুঁড়েছে। এগুলোর মধ্যে ১৮টি বেশ সুবিধাজনক। একটা ৪শ’ মিটার পর্যন্ত গভীর হয়েছে।

তবে সেই সুড়ঙ্গ দিয়ে কিশোর ফুটবলার ও তাদের কোচ পর্যন্ত পৌঁছানো যাবে কিনা তা এখনো নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছেন গভর্নর।








