ডুফা রয়্যালসকে ১০ রানে হারিয়ে ডুফা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ডুফা ব্লুজ।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৮১ রান সংগ্রহ করে ডুফা ব্লুজ। জবাবে নির্ধারিত ছয় ওভারে ৩ উইকেট হারিয়ে ৭১ রানে থামে রয়্যালসের ইনিংস।
গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক দিনের এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) টুর্নামেন্টের আয়োজন করে।
দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।
ব্লুজ দলের অধিনায়কের হাতে যখন চ্যাম্পিয়ন ট্রফি, তখন টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের সদস্যদেরই করতালি দিতে থাকেন। মূলত এই টুর্নামেন্টের মূল লক্ষ্যই ছিল বন্ধুত্বের মিলনমেলা। ১৯৯৫-৯৬ ব্যাচের বন্ধুদের প্রাণবন্ত আড্ডা, বন্ধুদের পরিবারের সদস্যদের প্রাণবন্ত উচ্ছ্বাস।
এদিন সকাল ১০টায় ছয় ওভারের এই ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান এম সালাহউদ্দিন চৌধুরী। টুর্নামেন্টে অংশ নেয়া ছয়টি দল হলো- ডুফা অ্যাভেঞ্জার্স, ডুফা ব্লুজ, ডুফা ডায়নামাইটস, ডুফা লায়ন্স, ডুফা রয়েলস ও ডুফা টাইগার্স।
প্রতিটি দল দুই গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগে দু’টি করে ম্যাচ খেলেছে। এরপর সেমিফাইনাল বিজয়ী দুই দল ফাইনালে মুখোমুখি হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডুফা সভাপতি বদরুল হক অনু, ডুফা সাধারণ সম্পাদক নাহিদ হোসেইন এবং ডুফার ক্রীড়া বিষয়ক সাংগঠনিক কমিটির সমন্বয়ক সাইফ হোসেন শান্ত ও উপস্থিত ছিলেন।







