জাতীয় সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’র বিভিন্ন ধারা নিয়ে উদ্বেগ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তাদের প্রতিনিধি দল এবং নরওয়ে ও সুইজারল্যান্ডের মিশন।
বিবৃতিতে সংগঠনগুলোর প্রধানরা বলেন, ‘আমরা ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কিছু ধারা নিয়ে আমাদের উদ্বেগ পুনর্ব্যক্ত করতে চাই। ধারাগুলো বাক স্বাধীনতার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতাও অন্যায়ভাবে বাধাগ্রস্ত করে এবং বিচারিক পদ্ধতিগত নিশ্চয়তাকেও ক্ষুণ্ন করে।’
‘বর্তমান অবস্থায় আইনটি এই স্বাধীনতাগুলোর প্রয়োগকে যেমন দমন করতে পারে, তেমনি এই প্রয়োগকে অপরাধ হিসেবেও প্রমাণ করতে পারে’ বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যৌথ বিবৃতিতে।
এ আইন বিচারের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে আশঙ্কা জানিয়ে আইনটি পুনর্বিবেচনা করে একে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র ও বাংলাদেশের সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।







