রাজধানী শাহবাগের শেখ রাসেল টাওয়ারের বিপরীত পাশের ডাস্টবিন থেকে আনুমানিক একদিন বয়সী এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মঙ্গলবার ১৮ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিশ্বাস জানান, মৃত নবজাতকের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনও ব্যক্তি মৃত অবস্থায় তাকে ডাস্টবিনে ফেলে রেখে গেছে।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, সকালে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে ডাস্টবিনে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি শাহবাগ থানা তদন্ত করছে।







