স্বাস্থ্য

ডাউন সিনড্রোম: আন্তর্জাতিক সম্মেলন, বাংলাদেশ ও সচেতনতা

দক্ষিণ এশিয়ার ডাউন সিনড্রোম সম্মেলনে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের রাজধানী ঢাকায় ডাউন সিনড্রোম আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডাউন সিনড্রোম কোন রোগ নয়, বরং এটি মানব শরীরের একটি জেনেটিক পার্থক্য (ভিন্নতার মাত্রা) এবং ক্রোমোজমের একটি বিশেষ অবস্থা। মানব শরীরে এ ডিএনএ বা ক্রোমোজমের অসামঞ্জস্য দেখা দিলে নানারকম শারীরিক ও মানসিক ত্রুটি দেখা দেয়, যাদের সাধারণভাবে জন্মগত ত্রুটি বা জেনেটিক ত্রুটি বলা হয়। ডাউন সিনড্রোম বা ডাউন শিশু সেরকম একটি জেনেটিক ত্রুটিযুক্ত মানব শিশু, যার শরীরের প্রতিটি কোষে ২১ নম্বর ক্রোমোজমটির সঙ্গে আংশিক বা পূর্ণভাবে আর একটি ক্রোমোজম (Trisomy 21) সন্নিবেশিত থাকে। আর এ অতিরিক্ত ক্রোমোজমটির কারণে ডাউন শিশুর বিশেষ কিছু শারীরিক ও মানসিক ত্রুটি লক্ষ্য করা যায়।

চেহারা একই রকম হয় বলে সহজে ডাউন শিশুদের চেনা যায়। কিছু শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে মাংসপেশির শিথিলতা, বামন বা কম উচ্চতা, চ্যাপ্টা নাক, ছোট কান, হাতের তালুতে একটি মাত্র রেখা, জিহ্বা বের হয়ে থাকা ইত্যাদি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর ৫ হাজার বা প্রতিদিন প্রায় ১৫টি ডাউন শিশুর জন্ম হয়।

ডাউন সিনড্রোম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তা ও অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮৬৬ সালে ইংল্যান্ডে ডা. জন লেংডন ডাউন সর্বপ্রথম মানব শরীরের কোষে ক্রোমোজমের এই বিশেষ অবস্থা আবিস্কার করেন এবং তার নামানুসারে তার নাম হয় ডাউন সিনড্রোম।

সম্প্রতি ডাউন সিনড্রোমের ওপর ভারতের নয়া দিল্লিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো একটি আন্তর্জাতিক গবেষণা সম্মেলন। ডাউন সিনড্রোম ফেডারেশন অব ইন্ডিয়ার আয়োজনে ৮-১০ সেপ্টেম্বর নয়া দিল্লির ডাউন হেবিটেট সেন্টার অনুষ্ঠিত হয় প্রথম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ডাউন সিনড্রোম কনফারেন্স এবং এশিয়া প্যাসিফিক ডাউন সিনড্রোম ফেডারেশন এর বার্ষিক সাধারণ সভা।

এই সম্মেলনে অংশ নিয়ে গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করেন বাংলাদেশে ডাউন সিনড্রোম নিয়ে কাজ করেন এমন কয়েকজন গবেষক। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাকিম আরিফ, সহকারি অধ্যাপক তাওহিদা জাহান, প্রভাষক শারমীন আহমেদ,ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান সরদার এ রাজ্জাক এবং নির্বাহী পরিচালক উত্তম হাওলাদার।

এই সম্মেলনে ডাউন সিনড্রোম  এর ওপর তিনটি গবেষণাপত্র  উপস্থাপন  করেন তারা।  মধ্যে একটি হলো ‘থিওরি অব মাইন্ড এবং বাংলা ভাষী ডাউন সিনড্রোম শিশুদের আবেগ শনাক্তকরণ দক্ষতা বিশ্লেষণ’ ও পোস্টার প্রেজেন্টশন। দ্বিতীয়টি হলো ’স্বল্প ভাষাতাত্ত্বিক ক্ষমতাসম্পন্ন বাঙালি বাঙালি ডাউন সিনড্রোম শিশুদের প্রায়োগিক অঙ্গভঙ্গি পরিমাপ: একটি অবাচনিক যোগাযোগীয় বিশ্লেষণ’ , ওরাল প্রেজেন্টেশন।

এছাড়া ডাউন সিনেড্রোম সোসাইটি অব বাংলাদেশ এর পক্ষ থেকে সরদার এ রাজ্জাক ও অধ্যাপক ড. হাকিম আরিফ ‘বাংলাদেশের ডাউন সিনড্রোমের জীবনযাত্রা’ এর ওপর আরো একটি গবেষণা উপস্থাপন করা হয়।

ডাউন সিনড্রোম: আন্তর্জাতিক সম্মেলন, বাংলাদেশ ও সচেতনতা

আন্তর্জাতিক এই সম্মেলন অংশগ্রহণ ও ডাউন সিনড্রোম প্রতিরোধ সম্পর্কে জানালেন অংশগ্রহণাকারী দলের  সদস্য তাওহিদা জাহান।

তিনি বলেন, ডাউন সিনড্রোম আছে এমন শিশুরা সমাজের বোঝা নয়। আর দশটি স্বাভাবিক শিশুর মতো তারাও খেলাধুলা-শিক্ষা-চাকুরিতে দক্ষতা অর্জন করতে পারে। আমাদের শুধু তাদেরকে একটু সময় দিতে হবে। ভারতে অনুষ্ঠিত ডাউন সিনড্রোম নিয়ে আয়োজিত এ সম্মলনে অংশগ্রহণ করেছে এমন বহু ডাউন শিশু যারা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বহু কিছুতে এগিয়ে গেছে। তারা নিজেরাই মঞ্চে উঠে বলেছে তাদের সফলতার গল্প। এই সম্মেলন গবেষণা উপস্থাপনার মাধ্যমে আমরা বাংলাদেশের ডাউন শিশুদের নিয়ে কিভাবে কাজ করতে পারি তা দেখানোর চেষ্টা করেছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, বাংলাদেশ সরকার, বিশেষজ্ঞ ও জনগণ সকলকে আরো বেশি সচেতন হতে হবে ডাউন সিনড্রোম নিয়ে। আমরা যেন আমাদের শিশুদের বেড়ে উঠার সঠিক পরিবেশটি নিশ্চিত করতে পারি তার জন্য তাদের বিশেষ কারিগরি প্রশিক্ষণে ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে চাকরির কোটা প্রচলন করতে হবে। এছাড়া ডাউন সিনড্রোম নিয়ে অনেক বেশি গবেষণা করা জরুরি। আমাদের বিশ্বাস, আমাদের সার্বিক প্রচেষ্টা ও সহযোগিতা বাংলাদেশের প্রতিটি ডাউন সিনড্রোম শিশুর বাবা-মায়ের সংগ্রামের গল্প বদলে যাবে সে শিশুটির সফলতার গল্পে।

ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এর জাতীয় পর্যায়ে ডাউন সিনড্রোম শিশু ও ব্যক্তিদের সামাজিক মর্যাদা, গ্রহণযোগ্য, অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগ একসঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানালেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান সরদার এ রাজ্জাক।

 

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…