জনপদ

ঠাকুরগাঁওয়ে চালসহ নিত্যপণ্যের দাম বেড়েছে

ঠাকুরগাঁওয়ে চালসহ নিত্যপণ্যের দাম বেড়েছে

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় হঠাৎ করে ঠাকুরগাঁওয়ে চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বেড়েছে।  তবে সবজির দাম কিছুটা কমেছে।  বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন।

গত ২৪ ঘন্টায় নয় ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।  আর তাদের কাছ থেকে আদায় করা হয় ৪৮ হাজার টাকা।

করোনা আতংকে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিপুলভাবে কিনছে। আর এ সুযোগ কাজে লাগাচ্ছে অসাধু ব্যবসায়ীরা।  চাল, ডাল, তেল, পেয়াঁজসহ ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে অধিক মুনাফা লুটছে বলে অভিযোগ।

প্রতিকেজি চাল ৭-৮ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।  ৩০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়।  একইভাবে দাম বেড়েছে ভোজ্য তেলসহ নানা পণ্যের।  তবে সবজির দাম আগের তুলনায় কিছুটা কমলেও স্থিতিশীল আছে মাছ-মাংসে।

আর এই নিত্য দ্রব্য মূল্যের উর্ধ্বগতির লাগাম টেনে ধরতে গঠন করা হয়েছে ৫টি মনিটরিং টিম।  এই টিম মাঠে নামায় স্বস্তি ফিরছে সাধারণ মানুষের।

বিষয়:করোনা ভাইরাস ভ্রাম্যমান আদালত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…