স্কুলের একটি অনুষ্ঠানে আরব্য রজনীর গল্পের নায়ক আলাদিন সেজেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আর এতেই বেধেছে বিপত্তি।
কারণ মুখ ও হাতে কালো রং মেখে যে মেকআপ তিনি করেছেন তাতে ট্রুডোকে বর্ণবাদী বলে সমালোচনা করা হয়েছে। ২০০১ সালে করা ওই কাজের জন্য ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।
তবে ক্ষমা চাওয়ার পর পর আরও কিছু কালো মেকআপের ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বুধবার সাংবাদিকদের তিনি জানান, ওই অনুষ্ঠানে অ্যারাবিয়ান নাইটসের থিম ছিল। তিনি আলাদিনের চরিত্রে সেজেছিলেন। আলাদিন হতে তিনি মুখে ও হাতে কালো রঙের মেকআপ করেছিলেন।
ওই ছবির জন্য দুঃখপ্রকাশ করে তিনি বলেন, এ ধরনের কাজ করার আগে তার আরও জানা দরকার ছিল।
ট্রুডোর এ ধরনের কাজে অনেকেই নিন্দা জানিয়েছেন। বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা অ্যান্ড্রু স্কিচার বলেন, ওই ছবি ২০০১ সালে যেমন বর্ণবাদী ছিল এখনও তেমন।
নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জাগমিত সিং বলেন, ছবিটি অপমানজনক।
কানাডার মুসলিমদের জাতীয় কাউন্সিলের নির্বাহী পরিচালক মোস্তফা ফারুক বলেন, প্রধানমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গী বর্ণবাদী। ঘটনাটি খুবই দুঃখজনক। ইতিহাসের বর্ণবাদ এভাবে প্রতিষ্ঠিত হয়। এটি গ্রহণযোগ্য নয়।
জাস্টিন ট্রুডো ২০১৫ সাল থেকে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছেন। তার বাবা পিয়েরে ট্রুডোও কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। জাস্টিনই প্রথম কোনো কানাডীয় প্রধানমন্ত্রীর ছেলে যিনি নিজেও কানাডার প্রধানমন্ত্রী হয়েছেন।
আগামী ২১ অক্টোবর কানাডায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।








