মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে রিপাবলিকানদের পক্ষে মনোনয়ন নিশ্চিত করেছেন নানা কারণে আর বক্তব্যে আলোচিত-সমালোচিত ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের মনোনয়নকে বিশ্বনেতাদের দুশ্চিন্তায় ফেলবে বলে মনে করেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা।
নির্বাচনের এখনো বাকি ৬ মাস। মনোনয়ন চূড়ান্তেরও বাকি বেশ কিছু দিন। একদিকে ডেমেক্রেটরা যখন হিলারি আর স্যান্ডার্সে বিভক্ত তখন রিপাবলিকানদের পক্ষে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় ডেলিগেট সমর্থন ঠিকই আদায় করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প।
দলের মনোনয়নের লড়াই শুরু করা ১৬ প্রার্থীর মাঝে ট্রাম্প একাই পেয়েছেন প্রায় ৫০ ভাগ ডেলিগেটের সমর্থন। প্রয়োজনীয় ১২শ’ ৩৭ ডেলিগেট ভোটের চেয়েও ২ ভোট বেশী পেয়েছেন ট্রাম্প। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত হবে জুলাইয়ে রিপাবলিকান কনভেনশনে।
ট্রাম্পকে নিয়ে এরই মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের মধ্যে দুর্ভাবনা দেখা গেছে। খোদ মার্কিন প্রেসিডেন্টই জানালেন দুশ্চিন্তার কারণ আছে।
মনোনয়ন নিশ্চিতের আগে দুই দলের প্রার্থীরা মুখোমুখি বিতর্কে না এলেও, লড়াইয়ে নাটকীয়তা এনেছেন বার্নি স্যান্ডার্স। এক টুইট বার্তায় ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন ‘খেলা চলবে’।








