মেক্সিকানদের নিয়ে বিরূপ মন্তব্য করায় মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ধর্ম বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছেন পোপ ফ্রান্সিস।
পোপ বলেছেন,‘যে ব্যক্তি সম্পর্কের সেতু না গড়ে কেবল দেয়াল তোলার কথাই বলে সে খ্রিস্টান নয়’। ছয়দিনের মেক্সিকো সফর শেষে বিতর্কিত রিপাবলিকান নেতা সম্পর্কে এমন কড়া কথা শোনালেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা।
তবে ট্রাম্প তো আর চুপ থাকার পাত্র নন। পোপের মন্তব্যে ক্ষেপে গিয়ে সব দোষ চাপিয়েছেন মেক্সিকানদের ওপর।
পোপের সমালোচনা করে নিজেকে ‘গর্বিত খ্রিস্টান’ দাবি করা ট্রাম্প বলেন,‘একজন ধর্মীয় নেতা হয়ে কোনো ব্যক্তির ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তোলাটা লজ্জাজনক। ব্যক্তির ধর্ম নিয়ে কোনো নেতার বিশেষ করে কোনো ধর্মীয় নেতার মন্তব্য করার অধিকার নেই’।
শুধু তা-ই নয় পোপের মন্তব্যের জন্য ট্রাম্প মেক্সিকোকে দায়ী করে বলেন,‘তিনি আমার সম্পর্কে নেতিবাচক কথা বলেছেন। কারণ মেক্সিকো সরকার তাকে বুঝিয়েছে আমি ভালো মানুষ নই’।
মুসলিমদের নিয়ে বিরূপ মন্তব্যকারী ট্রাম্পের ধর্ম নিয়ে প্রশ্ন তোলায় রিপাবলিকান নেতা উচ্চস্বরে পোপের সমালোচনা করেছেন। অথচ ধর্ম এবং বর্ণবাদী মন্তব্যের জন্য বিশ্বজুড়ে আলোচিত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
মেক্সিকানদের ঢালাউভাবে ধর্ষক, অপরাধী বলে তাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়ার কথা তুলতেও দ্বিধা করেননি কোটিপতি ব্যবসায়ী থেকে রিপাবলিকান নেতা হয়ে যাওয়া ট্রাম্প।







