টঙ্গী বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো কারখানার মালিকের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ ব্যাংক হিসাব জব্দের এই নির্দেশ দেন।
ওই কারখানায় হতাহত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও দিয়েছে আদালত।
তবে শ্রমিকদের ক্ষতিপূরণ ও বেতন ভাতার অর্থ ওই অ্যাকাউন্ট থেকে তুলতে বাধা নেই বলে আদালত জানিয়েছে।
গত ১০ সেপ্টেম্বর ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৩৯ জনের লাশ পাওয়া গেছে।
আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন শরীফ ভূঁইয়া ও ব্যারিস্টার তানিম হোসেন শাওন। কারখানার মালিকপক্ষে ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার।
অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্ল্যাস্ট) ও আইনও সালিশ কেন্দ্র (আসক) এবং পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি গত ১৯ সেপ্টেম্বর হাই কোর্টে এই রিট আবেদন করে।
টাম্পাকোতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় কারখানার মালিক মকবুল হোসেনের বিরুদ্ধে ইতোমধ্যে থানায় দুটি মামলা হয়েছে।








