টি-টুয়েন্টি ক্রিকেটের আগ্রাসী উত্থানের পর থেকেই অনেকেই বাকি ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। কেউ কেউ এই ফরম্যাটকে বলেছেন ক্রিকেটের ‘কু কুড়ি’। এবার শঙ্কা প্রকাশ করলেন ইংল্যান্ডের উইকেট-কিপার ব্যাটসম্যান জস বাটলার। ছোট এই ফরম্যাট অন্য ফরম্যাটগুলোকে দ্রুতই ধ্বংস করবে বলে শঙ্কা তার।
টি-টুয়েন্টি বেশ জনপ্রিয় হলেও আসলে ক্রিকেটের উন্নতি হচ্ছে না। বরং এটি ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ একটা ঘোর অনিশ্চয়তায় ফেলে দিচ্ছে। তাই বাটলারের ভয়- ক্রিকেট একদিন শুধুই টি-টুয়েন্টির হয়ে যায়।
টি-টুয়েন্টির আধিপত্যের কারণে এরই মধ্য আবেদন হারাচ্ছে ওয়ানডে ও টেস্ট ক্রিকেট। জস বাটলার এই সংকটকে দেখছেন আরো গভীরভাবে। তার মতে টি-টুয়েন্টি ক্রিকেট অন্য দুই ফরম্যাটকে দিনদিন ‘হত্যা’ করছে।
বাটলারের আশঙ্কা, আগামী ১৫-২০ বছরের মধ্যে ক্রিকেটের ফরম্যাট থাকবে একটাই- সেটা শুধু টি-টুয়েন্টি।
স্কাই স্পোর্টসকে এক সাক্ষাতকারে বাটলার বলেছেন, ‘আমার মনে হয় অদূর ভবিষ্যতে শুধু একটাই ফরম্যাট থাকবে। খুব বেশি দিন বাকি নেই, আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যেই এটা হয়ে যেতে পারে।’
বেশ হতাশ ইংলিশ তারকার কাছে টেস্ট ক্রিকেটের স্থান সবার ওপরে, ‘এখনো আমার কাছে টেস্ট ক্রিকেটের অবস্থান চূড়ায়। টি-টুয়েন্টি ম্যাচে স্টেডিয়াম পূর্ণ হয়ে যায়। এটা দেখাও সহজ। আজকাল সবাই সবকিছু দ্রুত সময়ের মধ্যে চায়। এসব বিবর্তনই বলে দিচ্ছে ক্রিকেটে টি-টুয়েন্টি ফরম্যাট কতটা একচেটিয়া হয়ে উঠছে।’
এ পর্যন্ত ১৮টি টেস্ট খেলেছেন বাটলার। গত ভারত সফরের দলে থাকলেও অ্যাশেজে জায়গা হয়নি তার। ব্যাটসম্যান ও উইকেটের পেছনে বাটলারের জায়গায় নেয়া হয় জনি বেয়ারস্টোকে। তাছাড়া বাটলার নিজেও বিশ্বের বিভিন্ন দেশে টি-টুয়েন্টি খেলে বেড়াচ্ছেন। বিপিএল, বিগ ব্যাশ ও আইপিএল গত কয়েক মৌসুমে নিয়মিত তিনি। এসব লিগে খেলার জন্য প্রথম শ্রেণির ক্রিকেটেরও কম মনযোগী।
তবে তিনি আশা করেন টেস্ট ক্রিকেটের আবেদন বাড়াতে সংশ্লিষ্ট মহল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, ‘আমরা সবাই টেস্ট ক্রিকেটের ইতিহাসকে ভালোবাসি। আশা করছি টেস্ট খেলাকে জনপ্রিয় করে তুলতে প্রশাসক কোনো উপায় খুঁজে বের করতে পারবে।’










