টেস্ট খেলা কঠিন মনে করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। টি-টুয়েন্টি সংস্করণে দুর্বলতার কথা অকপটেই স্বীকার করেন সাকিব-তামিম-মুশফিকরা। সম্মিলিতভাবে টাইগারদের প্রিয় ওয়ানডে ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজ সফরে সেই ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস পুঁজি করেই টি-টুয়েন্টি সিরিজে ভালো খেলতে চায় সাকিব আল হাসানের দল।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৬টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টি-টুয়েন্টি।
ক্যারিবীয়দের প্রিয় সংস্করণ চার-ছক্কার টি-টুয়েন্টি। ছোট ফরম্যাটের বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়নও তারাই। অন্যদিকে টাইগারদের কাছে টি-টুয়েন্টি মানেই হতাশা! সবশেষ সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ছোট সংস্করণে হাহাকার পরিষ্কারভাবে ফুটে উঠেছে। সেখান থেকে বের হয়ে স্যামুয়েলস-লুইস-রাসেলদের বিপক্ষে কতটা ভালো খেলতে পারে সাকিব-রিয়াদরা সেটাই দেখার।
অধিনায়ক সাকিব আশা করছেন ওয়ানডে সিরিজের মতো অসাধারণ পারফরমেন্স তার দলের ক্রিকেটাররা দেখাবেন টি-টুয়েন্টিতেও, ‘আমরা টি-টুয়েন্টি সিরিজটা নিয়ে বেশ আশাবাদী। এর বড় কারণ হচ্ছে আমরা ওয়ানডে ফরম্যাটে বেশ ভালো করেছি। দেশের বাইরে নয় বছর পর ওয়ানডে সিরিজ জয় করা আমাদের জন্য বড় অর্জন। আশা করি এই আত্মবিশ্বাসটা আমাদের টি-টুয়েন্টি ফরম্যাটেও কাজে আসবে। সবাই ওই আত্মবিশ্বাসটা নিয়েই খেলতে পারবে।’
মারকুটে ফরম্যাটের ফেরিওয়ালা ক্রিস গেইল খেলছেন না টি-টুয়েন্টি সিরিজে। এটি সফরকারীদের জন্য যেমন স্বস্তির, তেমনি ইনজুরি কাটিয়ে ফেরা আন্দ্রে রাসেলের টি-টুয়েন্টি দলে অন্তর্ভুক্তি বাংলাদেশের জন্য হুমকিরও!
ওয়েস্ট ইন্ডিজ দলকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই মূল্যায়ন করছেন সাকিব। তবে অধিনায়কের বিশ্বাস সিরিজ জয়ের সামর্থ্য আছে বাংলাদেশ দলের, ‘আমরা জানি তারা শক্তিশালী দল, বিশেষ করে টি-টুয়েন্টিতে। ওদের সবচেয়ে পছন্দের ফরম্যাট এটা। আর আমাদের জন্য এই ফরম্যাট একটু কঠিন, তারপরও বিশ্বাস করি সেরা ক্রিকেট খেলে সিরিজ জয় করার সামর্থ্য আমাদের আছে।’
ওয়ানডে সিরিজ জিতে টেস্টে ভয়াবহ ব্যর্থতার গ্লানি কাটিয়ে উঠেছে বাংলাদেশ। তলানিতে চলে যাওয়া আত্মবিশ্বাস ফিরেছে রঙিন পোশাকে। তাতে আপাতত চাপা পড়েছে সাদা পোশাকের ক্রিকেট নিয়ে ওঠা প্রশ্নগুলো। টি-টুয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ দল দেশে ফিরতে পারলে পরিস্থিতি হতে পারে অন্যরকম। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার! সফরের শেষটা বাংলাদেশ কেমন করে সেটির উপর নির্ভর করছে অনেককিছু।
টি-টুয়েন্টির জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে স্কোয়াড থেকে পরিবর্তন মাত্র দুটি। ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও এনামুল হক বিজয়ের জায়গায় টি-টুয়েন্টি দলে যোগ দিয়েছেন আরিফুল হক ও সৌম্য সরকার।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে ৬টি। যার মধ্যে দুটিতে জয় বাংলাদেশের। হার তিন ম্যাচে। ২০১৪ সালে সেন্ট কিটসে সবশেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। পূর্ণাঙ্গ সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে ওপেনার তামিম ও এনামুলের দারুণ শুরুর পর বৃষ্টিতে ভেসে যায় ম্যাচ।
বাংলাদেশ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আরিফুল হক, আবু জায়েদ রাহি।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, সেলডন কট্রিল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাসলে নার্স, কিমো পল, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, চ্যাডউইক ওয়ালটন ও কেসরিক উইলিয়ামস।









