রাজনীতি

টিপু খুন: ওমর ফারুককে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

ওমর ফারুকের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ ও আওয়ামী লীগ নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি রাজনীতিবিদ ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুকের ছবি, তিনি টিপু খুনের ঘটনায় আলোচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ ওমর ফারুক র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

তিনি ঢাকা মহানগর দক্ষিণের ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এর দায়ভার কোনোভাবেই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বহন করবে না। দলের নীতি ও শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকায় দলীয় গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক আপনাকে বহিষ্কার করা হলো।’

এর আগে টিপু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওমর ফারুকসহ চার জনকে গ্রেফতার করার কথা জানায় র‍্যাব। চার আসামিই ২০১৩ সালে হত্যার শিকার যুবলীগ নেতা মিল্কী অনুসারী বলে জানিয়েছে র‍্যাব।

রমনা ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গতকাল চার জনকে গ্রেফতার করা হয়। বাকি তিনজন হলেন আবু সালেহ শিকদার ওরফে শুটার সালেহ (৩৮), নাসির উদ্দিন ওরফে কিলার নাসির (৩৮) ও মোরশেদুল আলম ওরফে কাইল্যা পলাশ (৫১)।

গত ২৪ মার্চ রাত সাড়ে দশটায় রাজধানীর শাহজাহানপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জাহিদুল ইসলাম টিপু। ঘটনাস্থলে একজন নিরীহ কলেজ ছাত্রী নিহত হয়।

নিহত টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই ঘটনা এবং বিশেষ করে একজন কলেজ ছাত্রীর নিহত হওয়ায় দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

বিষয়:ওমর ফারুক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…