করোনা টিকা না নেওয়াকে শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, টিকা কার্ড না থাকলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে গণটিকাদান কর্মসূচি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা জানান।
মেয়র আতিকুল ইসলাম বলেন, যারা নতুন করে ট্রেড লাইসেন্স নিতে যাবেন, তাদের টিকার কার্ড থাকতে হবে। এছাড়া কোনো দোকানদারের টিকা কার্ড না থাকলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। সরকার সারাদেশে বিনামূল্যে টিকা দিচ্ছে। ভোটার আইডি কার্ড ও জন্মনিবন্ধন না থাকলেও মোবাইল নম্বর দিয়ে টিকা পাচ্ছে মানুষ। এখন কেউ যদি হেলা করে টিকা না নেন, তা অপরাধ হিসেবে গণ্য হবে।
তিনি বলেন, সরকার সারাদেশে বিনামূল্যে টিকা দিচ্ছে। ভোটার আইডি কার্ড এবং জন্মনিবন্ধন না থাকলেও মোবাইল নম্বর দিয়ে টিকা পাচ্ছে মানুষ। এখন কেউ যদি হেলা করে টিকা না নেন, তা অপরাধ হিসেবে গণ্য হবে। ডিএনসিসি এলাকায় ৫৪টি ওয়ার্ডের ৪৮৬টি কেন্দ্রে গণটিকা কার্যক্রম চলছে। পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। আজ যারা টিকা না নেবে, তাদের বিরুদ্ধে ১ মার্চ থেকে অভিযান শুরু হবে।
মেয়র বলেন, পোশাক শ্রমিকেদের টিকার আওতায় আনতে মালিকদের সঙ্গে কথা হয়েছে। আজ তারা উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন।
গত বছরের ২৭ জানুয়ারি থেকে দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয়। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। দেশে এখন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজার, এই চার ধরনের টিকা দেওয়া হচ্ছে।








