জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার শিক্ষাবিষয়ক ছায়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায়, তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল সোমবার (১০ অক্টোবর) রাতে গণমাধ্যমকে জানান, এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের সাফল্য কামনা করেছেন।
টিউলিপ ছায়া শিক্ষামন্ত্রী অ্যাঞ্জেলা রেনার-এর চার সদস্যের টিমে ‘শ্যাডো মিনিস্টার ফর আরলি ইয়ারস এডুকেশন’ হিসেবে যোগদান করবেন।
সোমবার টিউলিপ টুইট করেন, ‘অ্যাঞ্জেলা রেনারের শ্যাডো এডুকেশন টিমের যোগ দিয়ে আনন্দিত- আমরা প্রাথমিক শিক্ষার ব্যাপারে সরকারের দায়িত্বশীলতা নিশ্চিত করব।’
প্রসঙ্গত, জেরেমি বারবিন লেবার পার্টির নেতা পুনঃনির্বাচিত হওয়ার পর টিউলিপ ছায়া মন্ত্রিসভায় নিয়োগ পেলেন।







