জাতীয় দলের খেলতে গিয়ে করোনা টেস্টে পজেটিভ হয়েছেন মোহামেদ সালাহ, মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের (ইএফএ) এমন ঘোষণার পর খানিকটা দ্বিধাতেই ছিলো লিভারপুল। ইংলিশ ক্লাবের দ্বিধা দূর করতে ২৮ বছর বয়সী ফরোয়ার্ডের আরও একবার টেস্ট করিয়ে ইএফএ জানিয়ে দিলো, সালাহর করোনা নিয়ে আর কোনো সন্দেহ নেই!
সংশয় মূলত সৃষ্টি হয়েছে ইএফএর এক বিবৃতি থেকে। শুক্রবার সালাহর করোনা টেস্ট নিয়ে এক বিবৃতি দেওয়ার পর তা আবার উঠিয়েও নেয় ইএফএ। তার বদলে নতুন বিবৃতিতে জানানো হয়, টোগো ম্যাচের আগে করোনায় আক্রান্ত হয়েছেন মিশরের তিন ফুটবলার।
পরে বিবৃতি শুধরে ইএফএর পক্ষ থেকে জানানো সত্যি করোনা টেস্টে পজেটিভ হয়েছেন সালাহ। তাকেসহ মিশরের তিন ফুটবলার করোনায় আক্রান্ত। ইজিপশিয়ান ফরোয়ার্ড এখন নিজে থেকে আইসোলেশনে আছেন।
সালাহর করোনা আক্রান্তের খবরে মিশরের চেয়ে বেশি ক্ষতিতে পড়েছে লিভারপুল। আন্তর্জাতিক বিরতিতে চোটে পড়েছেন দলটির সেন্ট্রাল ডিফেন্ডার জো গমেজ। এর আগে পুরো মৌসুমের জন্য আগেই ছিটকে গেছেন দলের তারকা ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। তার সঙ্গে চোট আছে ফাবিনহো, ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ডের। চোট আর করোনার হানায় মূল একাদশ সাজাতেই এখন হিমশিম খাওয়া লাগছে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপকে।







